দুই জেলায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুর ও নরসিংদীতে গতকাল শুক্রবার বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কাওরাইদ ইউনিয়নের বেলদিয়া গ্রামে গতকাল বেলা দুইটার দিকে বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন গ্রামের কৃষক নছর উদ্দিন ওরফে নওশাদ (৬০) ও টাঙ্গাইলের মধুপুর উপজেলার নওরী এলাকার খেতমজুর ছফির উদ্দিন (৩৫)।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন জানান, হাসপাতালে আনার আগেই নছর উদ্দিন ও ছফির উদ্দিন মারা যান।
নরসিংদীর শিবপুর উপজেলার উত্তর সাধারচর এলাকায় গতকাল বিকেল চারটায় বজ্রপাতে স্থানীয় সেলু মিয়ার ছেলে বাদলের মৃত্যু হয়। স্থানীয় কয়েকজন জানান, বাদল মাঠে ধান কাটতে গেলে হঠাৎ ঝোড়ো বাতাস ও বজ্রপাত শুরু হয়। তাড়াতাড়ি বাড়ি ফেরার চেষ্টা করলেও পথেই বাদলের ওপর বাজ পড়ে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।