দুই জেলায় বিএনপি-সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের ষষ্ঠ ও শেষ ধাপে আজ সোমবার ১২টি উপজেলায় ভোট নেওয়া চলছে। সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। চলবে টানা বিকেল চারটা পর্যন্ত।

বরগুনার তালতলী উপজেলার বেশ কয়েকটি কেন্দ্রে সকাল থেকে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। সেখানে ভোট বর্জন করেছেন বিএনপির সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ তালুকদার।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট বর্জন করেছেন বিএনপি-সমর্থিত প্রার্থী শরিফুল ইসলাম।

নির্বাচন কমিশন গত ১৬ এপ্রিল শেষ ধাপে ১৪টি উপজেলা পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করে। কিন্তু সীমানা-সংক্রান্ত জটিলতার কারণে পটুয়াখালীর রাঙ্গাবালী ও নারায়ণগঞ্জের বন্দর উপজেলার নির্বাচন স্থগিত করা হয়। আজ ১২টি উপজেলায় নির্বাচন হচ্ছে। এ ছাড়া একটি উপজেলায় চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে।

আজ ভোট হচ্ছে রংপুরের সদর, কাউনিয়া, গঙ্গাচড়া ও পীরগাছা উপজেলা; সিরাজগঞ্জের কামারখন্দ; বরগুনার তালতলী; রাজবাড়ীর কালুখালী; গাজীপুরের সদর; টাঙ্গাইলের বাসাইল; ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর এবং কুমিল্লার আদর্শ সদর ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়। উপনির্বাচন হচ্ছে ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়।

শেষ ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে ৬৪, ভাইস চেয়ারম্যান পদে ৬৯ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনের মোট ভোটার ১৮ লাখ ৪৫ হাজার ১৩৩ জন।

আজকের নির্বাচনে ৭৪৬টি কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য দায়িত্ব পালন করছেন বলে নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে।

বরগুনায় বিএনপি-সমর্থিত প্রার্থীর ভোট বর্জন

বরগুনার নবগঠিত তালতলী উপজেলা পরিষদের নির্বাচনে সকাল থেকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে বিভিন্ন কেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগ পাওয়া গেছে। এসব অভিযোগ তুলে দুপুর সাড়ে ১২টার দিকে ভোট বর্জন করেন বিএনপি-সমর্থিত প্রার্থী আব্দুল মজিদ তালুকদার।

সকাল সাড়ে নয়টার দিকে আলীরবন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে প্রকাশ্যে ভোট দিতে অস্বীকৃতি জানানোয় তৈয়ব আলী (৪৩) ও নুরুল ইসলাম (৬৫) নামের দুই ভোটারকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে।

সকাল ১০টার দিকে গাবতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান তাঁর সমর্থকদের নিয়ে কেন্দ্রে ঢুকে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর এজেন্টদের বের করে দেন। পরে তাঁরা ব্যালটে সিল দেন। খবর পেয়ে বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা ওই কেন্দ্রে ঢুকতে চাইলে আওয়ামী লীগের সমর্থকেরা তাঁদের বাধা দেন। এ সময় তাঁরা একটি বেসরকারি টিভি চ্যানেলের ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। ভোটাররা অভিযোগ করেছেন, বতীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে সকাল থেকে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা ভেতরে ঢুকে প্রকাশ্যে ভোট দিতে বাধ্য করছেন।

বিএনপির বিদ্রোহী প্রার্থী ফরহাদ হোসেন অভিযোগ করেন, ভোট নেওয়া শুরু হওয়ার পর থেকে আওয়ামী লীগ প্রার্থীর সমর্থক ও এজেন্টরা কয়েকটি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়ে ব্যালট ছিনিয়ে নিয়ে সিল দেন।

তবে আওয়ামী লীগের প্রার্থী মনিরুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, এসব ফরহাদ হোসেনের বানোয়াট অভিযোগ। ক্যামেরা ছিনতাই ও ব্যালটে সিল দেওয়ার অভিযোগও তিনি অস্বীকার করেন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলী বলেন, ‘এ ধরনের কোনো অভিযোগ আমরা এখনো কোনো পক্ষের কাছ থেকে পাইনি। অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির প্রার্থীর ভোট বর্জন
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা নির্বাচনে বিএনপির সমর্থিত প্রার্থী শরিফুল ইসলাম ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন। দুপুর সাড়ে ১২টার দিকে পাহাড়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে তিনি এ ঘোষণা দেন।

বিএনপির প্রার্থী শরিফুল ইসলাম সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, বেলা ১১টায় ভোটকেন্দ্রে তাঁর একজন পোলিং এজেন্ট জাল ভোট দেওয়ার অভিযোগ করেন। এ সময় আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী তানবীর ভুইঞার এজেন্টদের সঙ্গে তাঁর এজেন্টদের হাতহাতি হয়। বিএনপির প্রার্থী গিয়ে প্রিসাইডিং কর্মকর্তার কাছে কেন্দ্রে ভোট স্থগিত করার জন্য আবেদন জানান। কিন্তু প্রিসাইডিং কর্মকর্তা এতে রাজি হননি। ৪০টি কেন্দ্রে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন বিএনপির প্রার্থী। পরে তিনি ভোট বর্জনের ঘোষণা দেন।

জেলা প্রশাসক মুহাম্মদ মোশাররফ ও পুলিশ সুপার মো. মনিরুজ্জামান জানান, নির্বাচন সুষ্ঠু হয়েছে। বিএনপির বিদ্রোহী প্রার্থী কাজী রফিকুল ইসলামও এজেন্টদের বের করে দেওয়া এবং ভোট জালিয়াতির অভিযোগ করেন।