দুই জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় গতকাল বৃহস্পতিবার যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই নারী নিহত হয়েছেন। রংপুরের মিঠাপুকুরে গতকাল ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হন।
পলাশবাড়ীতে নিহত শিশু খাতিজাতুল কোবরা (৬ মাস) এবং সুমি খাতুন (২৮) উপজেলার হাসানেরপাড়া গ্রামের জিল্লুর রহমানের মেয়ে ও তার খালা পাশের নান্দিনা গ্রামের সোহেল রানার স্ত্রী। রংপুরের মিঠাপুকুরে নিহত ব্যক্তির নাম বাহাদুর আলী (৪০)। তাঁর গ্রামের বাড়ি দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায়।
পলাশবাড়ী থানার পুলিশ জানায়, গতকাল বিকেলে একটি যাত্রীবাহী বাস বগুড়া থেকে গাইবান্ধার উদ্দেশে রওনা দেয়। বাসটি বিকেল সাড়ে পাঁচটার দিকে বুড়িরঘর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে ঘটনাস্থলেই খাতিজাতুল ও সুমি খাতুন নিহত হন। এদিকে অটোরিকশার চালকসহ চারজন আহত হন। লাশ দুটি গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ বাসটি আটক করলেও চালক ও সহকারী পালিয়ে যান। পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনায় পলাশবাড়ী থানায় মামলা হয়েছে।
মিঠাপুকুর বড় দরগাহ পুলিশ ফাঁড়ির নায়েক জাকির হোসেন জানান, বাহাদুর আলী মোটরসাইকেলে মিঠাপুকুর যাচ্ছিলেন। রডবোঝাই ট্রাকটি মিঠাপুকুর থেকে রংপুরের দিকে যাওয়ার পথে পায়রাবন্দ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাহাদুর আলীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই বাহাদুর আলী মারা যান। চালক ও সহকারী ট্রাক ফেলে পালিয়ে যান। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।