দুই জেলায় সড়ক দুর্ঘটনায় দুই শিশু নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে গতকাল মঙ্গলবার ট্রাকের চাপায় মোকছেদুল ইসলাম সুমন (১৩) নামের এক শিশু নিহত হয়েছে। গত সোমবার নাটোরের লালপুরে ট্রাক্টরের ধাক্কায় রিফাত (১০) নামের অপর এক শিশু নিহত হয়।
গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও নিহত ব্যক্তির পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল সকাল নয়টার দিকে সাইকেলে করে বাড়ি থেকে বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাকের চাপায় ঘটনাস্থলেই সুমন মারা যায়।
ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার রহলা পূর্বপাড়া গ্রামের আবদুল ওয়াহাব মিয়ার ছেলে ও উপজেলার বিশুবাড়ি দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। ট্রাকটি আটক করা গেলেও এর চালক পালিয়ে গেছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই তালুকদার জানান, গত সোমবার বিকেলে বাড়ি থেকে লালপুর বাজারে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় রিফাত গুরুতর আহত হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে রিফাতের অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়। রিফাত লালপুর বাজার এলাকার লালন আলীর ছেলে।