দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় এক গাড়ি চালক নিহত হয়েছেন। একই দিন নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাসের ধাক্কায় এক পথচারীর মৃত্যু হয়।
কালিয়াকৈরে নিহত হওয়া গাড়িচালকের নাম আবদুল লতিফ খান (৩০)। বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুড়াতলী এলাকায়। আড়াইহাজারে মারা যাওয়া পথচারীর নাম বিল্লাল হোসেন (৭০)। তিনি উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া গ্রামের বাসিন্দা।
গতকাল সকালে কালিয়াকৈর বাজার থেকে একটি ব্যক্তিগত গাড়ি ঢাকা যাচ্ছিল। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া তুরাগ সিএনজি স্টেশনের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে গাড়িটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গাড়ির চালক লতিফ খান মারা যান।
গতকাল বেলা ১১টার দিকে আড়াইহাজার উপজেলার ছনপাড়া এলাকা দিয়ে রাস্তা পার হওয়ার সময় বিল্লাল হোসেনকে একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।