দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩
দিনাজপুরে গতকাল বৃহস্পতিবার মাইক্রোবাসের ধাক্কায় বাবুল রায় (৩২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। পঞ্চগড়ের তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুজন প্রাণ হারিয়েছেন।
দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ জানান, গতকাল বাবুল রায় বাইসাইকেলে করে সবজি কিনতে শহরের পাইকারি বাজারে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চুনিয়াপড়া এলাকায় ফুলবাড়ীগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
এদিকে গত বুধবার রাত সাড়ে নয়টার দিকে সিরাজুল ইসলাম এক সঙ্গীকে নিয়ে মোটরসাইকেলে করে বোদা উপজেলা থেকে আটোয়ারী উপজেলার দলুয়া গ্রামের নিজ বাড়ি ফিরছিলেন। পথে আটোয়ারীর রানীগঞ্জ রবিন বাজারের সামনে একটি কুকুরের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলটি ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম মারা যান।
একই দিন বিকেলে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের দোলুগছ গ্রামের আল আমিনের ছেলে মো. জিমকে মাগুরমারি চৌরাস্তায় একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়।