দুই জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোনারামপুর এলাকায় গতকাল রোববার সড়ক দুর্ঘটনায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। একই দিন ফরিদপুরের ভাঙ্গায় এক নারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকাল আটটার দিকে সরাইল থেকে কিশোরগঞ্জের কুলিয়ারচরগামী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সোনারামপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা তেলবাহী একটি লরির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক আলী হোসেন (৩৫), যাত্রী জাবেদ আলী (৪০), আনোয়ার হোসেন (৩০) ও ময়দর আলী (৩০) গুরুতর আহত হন। পরে পুলিশ তাঁদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে জাবেদ ও আনোয়ার মারা যান। পরে দুপুরে আলী হোসেনকে ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান। জাবেদ সরাইলের অরুয়াইল ইউনিয়নের ধামাউড়া গ্রামের, আনোয়ার একই ইউনিয়নের বাদে অরুয়াইল গ্রামের ও আলী হোসেন নাসিরনগরের চাতলপাড় ইউনিয়নের ধামতলিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।
অরুয়াইল বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু তালেব বলেন, জাবেদ ও আনোয়ার পেশায় সবজি ব্যবসায়ী ছিলেন। তাঁরা সবজির জন্য কুলিয়ারচরের পিরোজপুর বাজারে যাচ্ছিলেন।
এদিকে এলাকার কয়েকজন বাসিন্দা ও ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সকালে একটি অটোভ্যানে করে তিন যাত্রী ভাঙ্গার তারাইল থেকে উপজেলা সদরে যাচ্ছিলেন। সকাল ১০টার দিকে তাঁরা ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার মালিগ্রাম এলাকায় পৌঁছালে মাওয়া থেকে ভাঙ্গাগামী একটি ট্রাক ওই অটোভ্যানকে চাপা দেয়। এতে অটোভ্যানের যাত্রী আকলিমা বেগম (৩০) ঘটনাস্থলে নিহত হন। এ ছাড়া গুরুতর আহত হন অটোভ্যানের আরেক যাত্রী মহিউদ্দিন হাওলাদার (২৭)। তাঁকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আকলিমা ভাঙ্গার দিঘলকান্দা গ্রামের আক্কাস মাতব্বরের স্ত্রী।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, ট্রাকটি জব্দ করার চেষ্টা চলছে।