দুই জেলায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় চিকিৎসককে দেখিয়ে বাড়ি ফেরার পথে গতকাল বৃহস্পতিবার মায়ের হাত থেকে ছুটে মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী বাসের চাপায় শিমলা আক্তার নামের সাত বছরের একটি শিশু নিহত হয়েছে। সে দৌলতদিয়া ঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী ও স্থানীয় ফজল মোল্লাপাড়ার কেরামত শেখের মেয়ে।
একই দিন মাগুরায় টেম্পোর চাপায় মিরাজ হোসেন (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি শহরের পারনান্দুয়ালি গ্রামের ওয়াজেদ আলীর ছেলে। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পুলিশ জানায়, মিরাজ হোসেন ওই কোম্পানির মালামাল নিয়ে গতকাল টেম্পোতে করে মাগুরা শহর থেকে বাটিকাডাঙ্গা বাজারে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে ছানার বটতলায় টেম্পোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এ সময় তিনি টেম্পোর নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।
গোয়ালন্দঘাট থানা পুলিশ জানায়, দিনমজুর কেরামত শেখের স্ত্রী মালেকা বেগম চিকিৎসক দেখিয়ে শিমলাকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। দৌলতদিয়া সাইনবোর্ড এলাকায় শিমলা মায়ের হাত থেকে ছুটে মহাসড়ক পার হওয়ার জন্য দৌড় দেয়। এ সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে মারা যায়। স্থানীয় উত্তেজিত লোকজন জড়ো হলে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ থাকে। খানখনাপুর হাইওয়ে ফাঁড়ি পুলিশ বাসটি জব্ধ ও চালককে আটক করেছে।