দুই জেলার ছাত্রদের সংঘর্ষ, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বরিশাল ও পটুয়াখালীর ছাত্রদের মধ্যে আজ রোববার সকালে সংঘর্ষ হয়েছে। দফায় দফায় চলা সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, দুমকি থানার পুলিশের পাশাপাশি দাঙ্গা পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ছাত্রদের মধ্যে আটজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। অন্যরা ক্যাম্পাসের বাইরে চিকিত্সা নিয়েছেন বলে জানা গেছে।

সংঘর্ষের ঘটনায় সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী সাত দিনের মধ্যে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, গতকাল শনিবার দুপুরে ডাইনিংরুমে কথা-কাটাকাটির একপর্যায়ে কৃষি অনুষদের তৃতীয় সেমিস্টারের ছাত্র  মাজেদকে বরিশাল জেলার কয়েকজন ছাত্র বেধড়ক মারধর করেন। মাজেদের বাড়ি পটুয়াখালী জেলায়। তাঁকে মারধরের খবর পেয়ে পটুয়াখালী জেলার ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

এর জের ধরে আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের এম. কেরামত আলী হল গেটে বরিশাল ও পটুয়াখালীর ছাত্রদের মধ্যে সংঘর্ষ বেধে যায়। পরে তা গোটা ক্যাম্পাসে ছড়িয়ে পড়ে। দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ চলে প্রায় দুই ঘণ্টা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিলে দাঙ্গা পুলিশ ও র‌্যাব সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. নওয়াব আলী প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত দিনের মধ্যে কমিটি তদন্ত করে দোষী ব্যক্তিদের চিহ্নিত করে প্রতিবেদন দেবে। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবে।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার মো. আজিমুল হক জানান, পরিস্থিতি এখন শান্ত। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।