দুই জেলার টানাপোড়েনে বিদ্যালয়ের বারোটা
বিদ্যালয়টি মৌলভীবাজার শিক্ষা কার্যালয়ের আওতাধীন। তবে অবস্থান ও ছাত্রছাত্রীরা সবাই হবিগঞ্জ জেলার। তাই মৌলভীবাজার জেলার শিক্ষকেরা সেখানে যেতে চান না। আবার মৌলভীবাজারের আওতাধীন হওয়ায় হবিগঞ্জ জেলার শিক্ষকদের সেখানে নিয়োগ দেওয়া সম্ভব হচ্ছে না। দীর্ঘদিন ধরে এই টানাপোড়েনে বিদ্যালয়টির নাভিশ্বাস চলছে। ঘটনাটি ঘটেছে লোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষেত্রে।এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৯২০ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টির অবস্থান হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ১১ নম্বর গজনাইপুর ইউনিয়নের লোগাঁও গ্রামে। কিন্তু ঠিকানা লেখা আছে ৪ নম্বর আপার কাগাবলা, মৌলভীবাজার জেলা। শিক্ষক নিয়োগ থেকে শুরু করে সব কার্যক্রম পরিচালনা করা হচ্ছে মৌলভীবাজার জেলা থেকে। কিন্তু এই বিদ্যালয়ে মৌলভীবাজার জেলার কোনো শিক্ষক যোগদান করতে চান না। কাউকে নিয়োগ দেওয়ার পরই তিনি তদবির করে অন্যত্র বদলি হয়ে যান। অনেকে যোগদানই করেন না। তিনটি পদে প্রেষণে নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম চালাতে হয়। শিক্ষকেরা জানান, মৌলভীবাজার জেলা সদর থেকে একজন শিক্ষক সেখানে আসা যাওয়া করলে ন্যূনতম দেড় শ টাকা খরচ হয়। এ ছাড়া দুই-আড়াই কিলোমিটার পায়ে হাঁটতে হয়। বর্ষাকালে যাতায়াত কঠিন। এতে দীর্ঘদিন থেকে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ বিঘ্নিত হলেও সমস্যাটির কোনো সমাধান হচ্ছে না।এলাকাবাসী জানান, এলাকায় দুজন জমিদার ছিলেন। একজন জমিদার একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করলে অন্যজনও পাশেই আরেকটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এভাবেই চলছিল বিদ্যালয় দুটি। কিন্তু যখন সরকারীকরণের প্রশ্ন আসে। তখন পাশাপাশি দুটি বিদ্যালয় হবিগঞ্জ জেলার আওতায় সরকারি হবে না বলে লোগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়কে কৌশলে মৌলভীবাজার জেলার অন্তর্ভুক্ত করা হয়। সেই থেকে বিদ্যালয়টি নিয়ে চলছে এই টানাপোড়েন। এতে বিদ্যালয়টিতে শুধু শিক্ষক সংকটই চলছে না। প্রাথমিকের সমাপনী পরীক্ষা দিতে ছাত্রছাত্রীদের প্রায় ২০-২৫ কিলোমিটার দূরবর্তী মৌলভীবাজার সদর উপজেলার কাগাবলা ইউনিয়নের মিলনপুর উচ্চবিদ্যালয়ে যেতে হয়। একইভাবে উপবৃত্তি নিতে যেতে হয় প্রায় ২০ কিলোমিটার দূরের আথানগিরিতে। লোগাঁও গ্রামের নারায়ণ আচার্য (৪৫) প্রথম আলোকে বলেন, ‘মৌলভীবাজার থেকে স্যাররা আইতে চান না। স্কুলটি নবীগঞ্জ আইলে পড়ালেখা ভালো অইতো (হতো)।’২৩ জানুয়ারি প্রধান শিক্ষক শারীরিক অসুস্থতার কারণে ছুটিতে ছিলেন। প্রেষণে কর্মরত সহকারী শিক্ষক মো. মুশতাক আহমদ বলেন, দুই জেলায় পড়ায় স্কুলটির সঠিক উন্নয়ন হচ্ছে না। স্কুলটিতে বর্তমানে ২১৮ জন ছাত্রছাত্রী আছে। একটিমাত্র ভবন। ভবন সংকটে শিক্ষার্থীদের বসার সমস্যা রয়েছে। ভালোভাবে ক্লাস নেওয়া যায় না।গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আবুল খায়ের বলেন, ‘এমনও দিন গেছে স্কুলে শুধু ছাত্রছাত্রী ছিল। শিক্ষক ছিল না। বাধ্য হয়ে আমি নিজে ক্লাস নিয়েছি। মৌলভীবাজার থেকে কেউ দেখাশোনা করে না।’ সভাপতি জানান, বিদ্যালয়টিকে হবিগঞ্জ জেলার আওতায় দেওয়ার জন্য বিভিন্ন সময়ে এলাকাবাসীর পক্ষ থেকে দাবি তোলা হয়েছে। কিন্তু বিষয়টির প্রতি কেউ গুরুত্ব দিচ্ছে না।মৌলভীবাজার সদর উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পরিমল চন্দ্র সিনহা বলেন, ‘স্কুলটি নিয়ে খুব সমস্যায় আছি। কিন্তু সমস্যাটা কাউকে বোঝাতে পারছি না। এটি নবীগঞ্জ উপজেলাকে দিয়ে দিলেই ভালো হয়।’