দুই জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত

জোয়ার ও প্রবল বর্ষণে ভোলার সাত উপজেলার ২৫ হাজার মানুষ সাত দিন ধরে পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। সেই সঙ্গে পিরোজপুরের তিন উপজেলার ২০ কিলোমিটার বেড়িবাঁধ মেরামত না করায় ভাঙা স্থান দিয়ে পানি ঢুকে গত কয়েক দিনে জেলার অন্তত অর্ধশত গ্রাম প্লাবিত হয়েছে।
গত বৃহস্পতিবার থেকে এ অবস্থা দেখা দিয়েছে। এদিকে মেঘনা-তেঁতুলিয়া নদীর সব নৌপথে যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে।
ভোলার জেলা প্রশাসক সেলিম রেজা বলেন, ‘আমরা সতর্ক অবস্থায় আছি। সতর্ক-সংকেত বাড়লে আমরা চরাঞ্চলের মানুষকে ও নদীপারের পানিবন্দী মানুষকে নিরাপদে নিয়ে আসব।’
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল হেকিম বলেন, সাধারণ জোয়ারের উচ্চতা ১ দশমিক ৯৮ মিটার। বৃহস্পতিবার থেকে ভোলার নদীগুলোতে জোয়ারের উচ্চতা চার মিটার অতিক্রম করেছে। ফলে বাঁধের বাইরে ও চরাঞ্চল প্লাবিত হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দক্ষিণ রাজাপুর, পূর্ব কন্দকপুর, রামদাসপুর গ্রাম, কাচিয়া ইউনিয়নের মাঝের চর, রামদেবপুর, মধুপুর, দৌলতখান উপজেলার চারটি গ্রাম, বোরহানউদ্দিন উপজেলার চারটি, তজুমদ্দিন উপজেলার দুটি গ্রাম, লালমোহন উপজেলার তিনটি গ্রাম, মনপুরা উপজেলার হাজিরহাট ইউনিয়নের পাঁচটি গ্রাম, চরফ্যাশন উপজেলার তিনটি গ্রামসহ ২৫ গ্রামের ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে আছে।
কুকরিমুকরি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবুল হাসেন বলেন, বেশির ভাগ এলাকা প্লাবিত হয়ে লবণ পানি ঢুকছে।
ওই ইউনিয়নের বাসিন্দা আবদুস সালাম বলেন, বাঁধের মধ্যে জলকপাট না থাকায় জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে।
দৌলতখান উপজেলার মদনপুরের ফারুক দৌলত বলেন, ‘জোয়ার আইলে বাজারে দোকানে উডি, আর মাতারিরা ওডে আফালে (মাচায়)। ভাটারসুম নামি আই। এমনে কি দিন যায়?’
বাংলাদেশ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) ভোলার পরিদর্শক (ট্রাফিক) নাসিম আহমেদ বলেন, আবহাওয়া খারাপ হওয়ায় শুধু ঢাকা-ভোলা নৌপথে লঞ্চ চলবে।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) পিরোজপুর কার্যালয়ের সূত্রে জানা গেছে, জেলায় ২৫১ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। ঘূর্ণিঝড়, সিডর, আইলাসহ বিভিন্ন সময় নদীভাঙনের ফলে মঠবাড়িয়া, জিয়ানগর ও ভান্ডারিয়ায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ বিধ্বস্ত হয়। এখন বেড়িবাঁধের ওই ভাঙা স্থান দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকে বাড়িঘর প্লাবিত হচ্ছে।
গত বৃহস্পতিবার থেকে প্রবল বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে জিয়ানগর উপজেলার খোলপটুয়া, পূর্বচণ্ডীপুর, পশ্চিম কলারোনসহ সাতটি গ্রাম প্লাবিত হয়েছে। পাশাপাশি মঠবাড়িয়া উপজেলার চর ভোলমারা, দক্ষিণ বড় মাছুয়াসহ ১৭টি গ্রাম, ভান্ডারিয়া উপজেলার ১০টি গ্রাম ও কাউখালী উপজেলার ১৮টি গ্রাম প্লাবিত হয়। ভান্ডারিয়া শহরের দক্ষিণ ভান্ডারিয়া এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে বলে জানান স্থানীয় ব্যক্তিরা।
কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউপির চেয়ারম্যান কৃষ্ণ লাল গুহ বলেন, আমরাজুড়ি ইউনিয়নের সোনাকুড়, হরিণধরা, আশোয়া গ্রামের চার কিলোমিটার বেড়িবাঁধের চার থেকে পাঁচটি ভাঙা স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকছে।
জিয়ানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়জুল কবির বলেন, জোয়ারে জিয়ানগরের ১০টি গ্রাম প্লাবিত হয়ে কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়ছে। পানিতে আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে।
মঠবাড়িয়া উপজেলার চর ভোলমারা বেড়িবাঁধের জলকপাট (স্লুইসগেট) এলাকার ভাঙা স্থান দিয়ে পানি ভেতরে ঢুকে পড়ায় চর ভোলমারা ও দক্ষিণ বড় মাছুয়া গ্রামের মানুষ দুর্ভোগে পড়েছে। বড় মাছুয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য আশ্রাফ আলী বলেন, দুই বছর আগে চর ভোলমারা গ্রামের বেড়িবাঁধের ৫০০ মিটার ভেঙে গেছে। এতে ভোলমারা খালের জলকপাট নদীগর্ভে বিলীন হয়ে যায়। এখন ভাঙা বাঁধ দিয়ে পানি লোকালয়ে ঢুকছে।
দাউদখালী ইউপি চেয়ারম্যান আবদুস শুক্কুর তালুকদার জানান, খায়ের ঘটিচোরা গ্রামের বেড়িবাঁধের ভেঙে যাওয়া দুটি স্থান দিয়ে জোয়ারের পানি ঢুকে পাঁচটি গ্রাম প্লাবিত হয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পিরোজপুর কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী উজ্জ্বল সেন বলেন, ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।