দুই জেলার রশি টানাটানিতে আটকে গেছে সেতু নির্মাণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেতুর লোহার খুঁটিগুলো ক্ষয়ে গেছে। এক পাশের এক প্রান্তে রেলিং নেই। এর মাঝ বরাবর দেবে আছে। উত্তর দিকে কাত হয়ে আছে একটি অংশ। মোটরসাইকেল বা ইজিবাইক উঠলে এটি দুলতে থাকে। প্রায়ই ঘটে দুর্ঘটনা। এ করুণ অবস্থা চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কের পঞ্চগড়ের দেবীগঞ্জের ভাউলাগঞ্জ এলাকায় বুড়াতিস্তা নদীর ওপর নির্মাণ করা লোহার সেতুর। এর দুই পাশে নীলফামারীর ডোমার উপজেলার চিলাহাটি থেকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ পর্যন্ত সাত কিলোমিটার দীর্ঘ সড়ক পাকা করা হলেও সেতু সংস্কার বা পুনর্নির্মাণের উদ্যোগ নেওয়া হয়নি। সড়ক ও জনপথ বিভাগের নীলফামারী ও পঞ্চগড় কার্যালয়ের কর্মকর্তাদের রশি টানাটানির কারণে সেতু নির্মাণ আটকে গেছে বলে স্থানীয় লোকজন অভিযোগ করেছেন। সড়ক ও জনপথ বিভাগ পঞ্চগড় কার্যালয় সূত্রে জানা গেছে, চিলাহাটি-ভাউলাগঞ্জ সড়কের মাত্র দেড় কিলোমিটার পঞ্চগড় জেলার মধ্যে, বাকি রাস্তা নীলফামারী সওজের। নীলফামারী সওজ সূত্রে জানা গেছে, তারা তাদের অংশের কালভার্ট ও সড়ক পাকা করার কাজ শেষ করেছে। কিন্তু সওজের জেলাভিত্তিক এলাকা অনুযায়ী লোহার সেতুটি পঞ্চগড় সওজের এলাকায় পড়েছে। এ জন্য সেতুর কাজ তারা করবে।স্থানীয় সূত্রে জানা গেছে, সেতুটির পূর্বপাড়ে এসে এক কিলোমিটারের মধ্যে নীলফামারীর ডোমার উপজেলা এবং তিন কিলোমিটার দূরে চিলাহাটি বন্দর। আর পশ্চিম দিকে এসে দুই কিলোমিটার দূরে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ বাজার। নানা প্রয়োজনে দেবীগঞ্জের মানুষকে চিলাহাটি বন্দরে যেতে হয়। কিন্তু সেতু না থাকায় তাদের সমস্যা হচ্ছে। একই কারণে ব্যবসায়ী ও কৃষকেরা সাত কিলোমিটারের জায়গায় ৪০ কিলোমিটার ঘুরে পণ্যসামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাচ্ছেন। এতে ডোমারের চিলাহাটি ও দেবীগঞ্জের ভাউলাগঞ্জ এলাকার কৃষকেরা তাঁদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না।স্থানীয় সূত্রে জানা গেছে, ডোমার উপজেলার চিলাহাটি বন্দর থেকে উপজেলার সদর হয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার শহর দিয়ে ৪০ কিলোমিটার ঘুরে একই উপজেলার ভাউলাগঞ্জ বাজারে আসতে হয়। সেতুটি হলে মাত্র সাত কিলোমিটার অতিক্রম করতে হবে।স্থানীয় লোকজন জানায়, সেতুটি অনেক আগে নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় এটি এখন যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এক যুগ ধরে ওই সড়কে সব ধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে ওই সেতু দিয়ে মাঝেমধ্যে ইজিবাইক, মোটরসাইকেল ও মাইক্রোবাস চলাচল করে। অবস্থা খারাপ হওয়ায় যেকোনো মুহূর্তে সেতুটি ভেঙে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। দেবীগঞ্জের চিলাহাটি ইউনিয়নের চড়তিস্তা পাড়া গ্রামের কলেজছাত্রী জেনেফা আক্তার বলেন, আমাদের বাড়ির পাশ দিয়ে পাকা রাস্তা। কিন্তু একটি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এই রাস্তা দিয়ে বাস চলে না। সে কারণে ভাউলাগঞ্জ গেলে তিন কিলোমিটার আর চিলাহাটি গেলে চার কিলোমিটার রাস্তা হেঁটে অথবা ভ্যানে করে বাস বা ট্রেন ধরতে হয়। সওজের পঞ্চগড় কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আবদুস সালাম খান দাবি করে বলেন, ‘এটা আমাদের অংশের নয়, নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের অধীনে। সে কারণে সেখানে আমাদের করার কিছু নেই।’