দুই জেলার শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল ঘোষণা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল বৃহস্পতিবার তাঁর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোপালগঞ্জ ও সিলেটের পরীক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিয়েছেন। প্রধানমন্ত্রী এবারই প্রথম ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন। ভিডিও কনফারেন্সের জন্য সিলেট সরকারি মহিলা কলেজ ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ মিলনায়তনে বড় পর্দা লাগানো হয়। গতকাল সকাল পৌনে ১০টার দিকে কনফারেন্সের শুরুতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডসহ ১০টি বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। শিক্ষামন্ত্রীর বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লেখাপড়ার মান উন্নয়নে তাঁর সরকার সব ধরনের সহযোগিতা দেবে। এবারের বাজেটে শিক্ষা খাতে সর্বোচ্চ বরাদ্দ দেওয়া হয়েছে। এ জন্য শিক্ষকদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষা ছাড়া, আপনাদের ছাড়া জাতি উন্নত হতে পারবে না। প্রধানমন্ত্রী ভালো ফল করা ও উত্তীর্ণ শিক্ষার্থীদের আরও মনোযোগ দিয়ে লেখাপড়া করার আহ্বান জানান। তিনি বলেন, ‘তোমরা আগামী দিনে দেশের কাণ্ডারি। তোমাদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। যারা ভাল ফল করোনি তাদের হতাশ হলে চলবে না।’এবার সিলেট শিক্ষা বোর্ডে সর্বোচ্চ পাসের হার থাকায় প্রধানমন্ত্রী সেখানকার শিক্ষার্থী ও শিক্ষকদের অভিনন্দন জানান। ৫৭ দিনের মধ্যে ফল ঘোষণা করায় সন্তোষ প্রকাশ করেন তিনি।