দুই জেলার শ্রমিকদের দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের উল্লাপাড়া মোটর শ্রমিক ও পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে গতকাল রোববার থেকে পাবনা-সিরাজগঞ্জ-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে যাত্রীদের চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
জানা গেছে, গত শুক্রবার উল্লাপাড়ার একটি বাস পাবনা জেলার বেড়া বাসস্ট্যান্ডে গেলে স্থানীয় শ্রমিকেরা উল্লাপাড়ার বাসের শ্রমিকদের মারধর করেন। এ ঘটনার প্রতিবাদে উল্লাপাড়ার শ্রমিকেরা গতকাল থেকে উল্লাপাড়া দিয়ে ঢাকা ও সিরাজগঞ্জগামী পাবনা জেলার মালিকদের সব বাস চলাচল বন্ধ করে দেন। ফলে দুই মোটর শ্রমিক সংগঠন ও মালিকদের বাস এই দুই জেলার ওপর দিয়ে চলাচল বন্ধ রয়েছে।
উল্লাপাড়া উপজেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আহসান আলী বলেন, ‘পাবনা জেলার অভ্যন্তরীণ রুটের বাসগুলো তাদের নির্ধারিত সময় মেনে চলে না। অথচ সেখানকার মোটর শ্রমিকেরা বেড়ায় চেকপোস্ট বসিয়ে আমাদের বাসের শ্রমিকদের সময় মেনে চলার কথা বলে। এ নিয়ে আমাদের শ্রমিকদের মারধরও করা হয়। এর আগেও তারা এ ধরনের ঘটনা ঘটিয়েছে। বিষয়টি আমরা সেখানকার নেতাদের জানালেও তাঁরা আলোচনায় আসেননি। যে কারণে তাঁদের বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর সঙ্গে উল্লাপাড়া মোটর মালিক সমিতিও একাত্মতা ঘোষণা করেছে।’
পাবনা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফিরোজ মিয়া বলেন, ‘পাবনার গাড়িগুলোকে উল্লাপাড়ার ওপর দিয়ে ঢাকা ও সিরাজগঞ্জে যেতে হয়। এ কারণে তুচ্ছ যেকোনো ঘটনাকে কেন্দ্র করেই বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। বেড়ার ঘটনাটি জানার পর আমরা উল্লাপাড়ায় যেতে চেয়েছিলাম। যাওয়ার আগেই তারা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। বিষয়টি আমরা প্রশাসনের কর্মকর্তাদের জানিয়েছি। এখন তাঁরা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই আমরা মেনে নেব।’
এদিকে বাস চলাচল বন্ধ হওয়ায় গতকাল সকালে পাবনা থেকে ঢাকামুখী ১০টি বাস এই রুটের শাহজাদপুর উপজেলার মধ্যে আটকা পড়ে। বাসের যাত্রীদের মধ্যে আফরোজা বেগম বলেন, ‘হঠাৎ শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দেওয়ায় আমরা চরম বিপদে পড়েছি। এখান থেকে ঢাকায় যে যাব, সেই লোকাল বাসটিও নেই। তা ছাড়া ঢাকা-পাবনা যাতায়াত বন্ধ হয়ে পড়ায় অনেকে জরুরি কারণেও যাতায়াত করতে পারছে না। এই দুর্ভোগ কবে শেষ হবে, তা একমাত্র আল্লাইই জানেন।’
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কউসিক আহমেদ গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ‘শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে দুই পক্ষেরই বাস চলাচল বন্ধ রয়েছে। শুনেছি, তারা আলোচনায় বসবে। তবে দুই পক্ষই তাদের নিজ নিজ সিদ্ধান্তে অটল থাকায় সমাধান হচ্ছে না।’