দুই জেলার ১০ গ্রামে ডাকাত-আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী ও আগৈলঝাড়া এবং মাদারীপুরের কালকিনি উপজেলার ১০ গ্রামে গত এক বছরে ২৫টি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন শতাধিক। এ কারণে এসব গ্রামের কয়েক হাজার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। গ্রামবাসী এবং গৌরনদী, আগৈলঝাড়া ও কালকিনি থানা সূত্রে জানা গেছে, গৌরনদীর মাগুরা-মাদারীপুর, বাকাই, মেদাকুল ডুমুরিয়া, কুনিয়ারকান্দি, দোনারকান্দি; আগৈলঝাড়ার ছোট ডুমুরিয়া, বাসাইল, ভাল্লুকসী এবং মাদারীপুরের কালকিনির ডাসার ও দর্শনা গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে ডাকাতদের অত্যাচারে অতিষ্ঠ। বিশেষ করে গ্রামের প্রবাসীদের বাড়িতে ডাকাতি হয় বেশি। মাগুরা-মাদারীপুর গ্রামের মো. জামান সরদার ও শাহাব উদ্দিন জানান, তিনটি উপজেলার সীমান্তবর্তী এই ১০টি গ্রাম উপজেলা শহর থেকে কিছুটা বিচ্ছিন্ন ও প্রত্যন্ত এলাকায়। শীত মৌসুম শুরু হলেই এই এলাকায় ডাকাতি বেড়ে যায়। গত এক বছরে ২০-২৫টি ডাকাতি হয়েছে। ডাকাতেরা নগদসহ দুই কোটি টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় এলাকার মানুষের মধ্যেও ক্ষোভ বিরাজ করছে। অনেক এলাকায় ডাকাতি প্রতিরোধে রাত জেগে পাহারা দেন গ্রামবাসী। মাঝেমধ্যে তাঁরা ডাকাতদের পিটুনিও দেন। গত এক বছরে গণপিটুনিতে তিনজন নিহত হয়। এই এক বছরে ডাকাতির ঘটনায় তিন থানায় ১১টি মামলা হয়েছে। এ সময়ে গ্রেপ্তার হয়েছে ১২ জন। মাগুরা-মাদারীপুর গ্রামের ইসমাইল খান জানান, তাঁর চার ছেলে বিদেশে থাকেন। ২০১০ সালে আন্তজেলা ডাকাত দল তাঁর বাড়িতে হামলা চালিয়ে ১৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। সৌদি আরবপ্রবাসী মিজানুর রহমান বেপারী জানান, শনিবার দিবাগত রাতে ১০-১২ জন ডাকাত তাঁর বাড়ি থেকে ২০ লাখ টাকার মালামাল নিয়ে যায়। মিজানুর রহমান অভিযোগ করেন, মাগুরা-মাদারীপুর গ্রামের শাহজাহান হাওলাদার ও মো. ইদ্রিস হাওলাদার স্থানীয়ভাবে ডাকাত দলের আশ্রয়দাতা ও সদস্য। তাঁদের পরিকল্পনায় এ অঞ্চলে ডাকাতি করা হয়। তাঁদের নাম উল্লেখ করে মামলা করায় তাঁকে হুমকি দেওয়া হচ্ছে। খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান বলেন, এলাকার সবাই জানে ইদ্রিস ও শাহজাহান চিহ্নিত ডাকাত। শাহজাহান হাওলাদারের বাড়িতে গিয়ে কথা হয় তাঁর বৃদ্ধ মা নূরজান বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘অর কথা কইয়েন না, অরে মুই পরিচয় দেই না। হুনছি, কয়দিন আগে হাজত থাইক্কা বাইর অইছে।’ইদ্রিস হাওলাদারের বাড়িতে গিয়ে তাঁর বসতঘরে তালাবদ্ধ পাওয়া যায়। স্থানীয় লোকজন জানান, ২০০৯ সালে ভাল্লুকসীর কাজীবাড়িতে ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে মাগুরা-মাদারীপুর গ্রামের মঞ্জু সরদার মারা যান। ২০১০ সালে ছোট ডুমুরিয়া গ্রামে একটি বাড়িতে ডাকাতি করার সময় গণপিটুনিতে নিহত হন কালকিনির মৃধাকান্দি গ্রামের কামরুল হাচান (৩৫)। গত শনিবার রাতে গণপিটুনিতে নিহত হন কালকিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের রাজদী গ্রামের রেজাউল করিম। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম শাহীন মণ্ডল দাবি করেন, গৌরনদী, আগৈলঝাড়া ও কালকিনি উপজেলার বিভিন্ন এলাকায় রেজাউলের নেতৃত্বে ডাকাতি হতো। গৌরনদী থানার ওসি আবুল কালাম জানান, রেজাউল ও তাঁর সহযোগী ইদ্রিস হাওলাদারের বিরুদ্ধে গৌরনদী থানায় একাধিক ডাকাতি ও নারী নির্যাতনের মামলা রয়েছে। সহকারী পুলিশ সুপার (গৌরনদী সার্কেল) মো. সাইদুল ইসলাম জানান, ওই গ্রামগুলো প্রত্যন্ত এলাকায়। ডাকাতি হওয়ার সংবাদ পেয়ে ওই গ্রামগুলোতে দ্রুত যাওয়া সম্ভব হয় না। তবে কমিউনিটি পুুলিশিং কার্যক্রম জোরদার করে ডাকাতি প্রতিরোধে এলাকাবাসীকে সচেতন করা হচ্ছে।