দুই জেলার ১৯০টি ইটভাটায় বছরে পুড়ছে কোটি মণ কাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া ও মেহেরপুরে ১৯০টি ইটভাটায় আইন ভেঙে বছরে ১ কোটি ১৯ লাখ মণ কাঠ পোড়ানো হচ্ছে। ব্যবহৃত হচ্ছে প্রায় ৪ কোটি ৭৫ লাখ ঘনফুট মাটি, যার বেশির ভাগই কৃষিজমি থেকে সংগৃহীত। আবার অধিকাংশ ভাটা গড়ে উঠেছে ফসলি জমিতে।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সামাজিক বন বিভাগ ও ইটভাটার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩-এর ৫ ও ৬ ধারা অনুযায়ী কৃষিজমি থেকে মাটি কেটে নেওয়া ও ইটভাটায় জ্বালানি হিসেবে কাঠ পোড়ানো দণ্ডনীয় অপরাধ। ৮ ধারায় বলা হয়েছে, আবাসিক এলাকার তিন কিলোমিটারের মধ্যে ও কৃষিজমিতে ভাটা তৈরি করা যাবে না।
মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউটের কুষ্টিয়া আঞ্চলিক কার্যালয় মেহেরপুর ও কুষ্টিয়ার ১৫টি ইটভাটায় গত বছরের মাঝামাঝিতে একটি জরিপ চালিয়েছিল। ওই জরিপ মোতাবেক, প্রতি মৌসুমে (নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত) একটি ভাটায় তিন শ্রেণির গড়ে ২৫ লাখ ইট তৈরি হয়। এতে ২ লাখ ৫০ হাজার ঘনফুট মাটি ব্যবহার করা হয়। সে হিসেবে দুই জেলার ১৯০টি ভাটায় মোট ৪ কোটি ৭৫ লাখ ঘনফুট মাটি লাগে। অধিকাংশ মাটিরই উৎস কৃষিজমি। বেশির ভাগ ভাটাতেই দোআঁশ ও এঁটেল দোআঁশ মাটি ব্যবহার হয়, যা কৃষিজমির প্রাণ।
ইনস্টিটিউট কার্যালয় সূত্র বলছে, জমির উপরিভাগের ৬-৭ ইঞ্চিতে ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান বেশি থাকে। উপরিভাগের মাটি কেটে নেওয়ায় নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, দস্তা, কপার, ম্যাগনেসিয়ামসহ ১৭ ধরনের উপাদান ধ্বংস হয়ে যাচ্ছে।
এই কার্যালয়ের ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ভবানন্দ বসাক প্রথম আলোকে বলেন, ওই গবেষণায় দেখা গেছে, কুষ্টিয়া ও মেহেরপুরের ৮০ শতাংশ ইটভাটাতেই দোফসলি কৃষিজমির মাটি ব্যবহার করা হচ্ছে। এর ফলে সংশ্লিষ্ট জমিতে যে পুষ্টি উপাদানের ঘাটতি দেখা দিচ্ছে, তা পূরণে ৮-১০ বছর লেগে যাবে।
আবাদি জমিতে ইটভাটা: কুষ্টিয়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, জেলায় ৯০ শতাংশ ভাটা গড়ে তোলা হয়েছে আবাদি জমিতে। আবাদি জমি ও জমির উপরিভাগের মাটি বিক্রি না করতে অধিদপ্তর কৃষকদের উদ্বুদ্ধ করে থাকে। কিন্তু তাঁরা নগদ টাকা পেয়ে মাটি বিক্রি করে দেন।
ডিসেম্বরের মধ্যভাগে দুই জেলার চারটি উপজেলার ১৫টি স্থান ঘুরে দেখা গেছে, অধিকাংশ ভাটা আবাসিক এলাকার তিন কিলোমিটারের মধ্যে এবং আবাদি জমিতে গড়ে তোলা হয়েছে।
পুড়ছে কাঠ: মেহেরপুরের গাংনী এবং কুষ্টিয়ার দৌলতপুর, ভেড়ামারা ও মিরপুর উপজেলা ২০টির বেশি ইটভাটায় সরেজমিনে দেখা গেছে, সবগুলোতেই ইট পোড়াতে জ্বালানি কাঠ ব্যবহার করা হচ্ছে। ভাটায় স্তূপ করে রাখা হয়েছে কাঠ। ভাটার পাশে স্থাপিত করাতকলে সেগুলো চেরাই করে নেওয়া হচ্ছে।
কয়েকজন ভাটামালিক ও শ্রমিকের সঙ্গে কথা বলে জানা গেল, একটি ভাটায় দৈনিক ৩৫০-৪০০ মণ জ্বালানি কাঠ প্রয়োজন হয়। ৩৫০ মণ ধরলেও এক মৌসুমে (১৮০ দিন) ৬৩ হাজার মণ কাঠ পুড়ছে। সে হিসাবে কুষ্টিয়া ও মেহেরপুরের ১৯০টি ভাটায় বছরে ১ কোটি ১৯ লাখ ৭০ হাজার মণ কাঠ পুড়ছে। এসব কাঠ আসছে কুষ্টিয়া ও মেহেরপুরের পাশাপাশি পাশের ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, যশোর ও মাগুরা থেকে।
কুষ্টিয়া জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির নেতা আবুল কালাম আজাদ বলেন, কাঠের তুলনায় কয়লার খরচ কম। তারপরও ভাটামালিকেরা কাঠ পোড়ান। কারণ, সহজেই কাঠ পাওয়া যায়, কয়লা ব্যবহারের জন্য দক্ষ কারিগর পাওয়া যায় না এবং কয়লা দিয়ে পোড়ালে ইটের রং ভালো হয় না।
সামাজিক বন বিভাগ কুষ্টিয়া কার্যালয়ের বিভাগীয় বন কর্মকর্তা আসলাম মজুমদার বলেন, কাঠ সংগ্রহ করার জন্য গাছ নিধন করা হচ্ছে। জনবলের অভাবে তাঁরা অভিযান চালাতে পারেন না। আর অভিযানের বিষয়টি জেলা প্রশাসক পরিচালনা করে থাকেন।
অবৈধ চিমনি: কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কুষ্টিয়া ও মেহেরপুরে ১২৫টি ফিক্সড-চিমনি ও ৬৫টি ড্রাম-চিমনির ইটভাটা রয়েছে। এর মধ্যে কুষ্টিয়ায় ৮৪টি ফিক্সড ও ২১টি ড্রাম-চিমনির। মেহেরপুরে ৪১টি ফিক্সড ও ৪৪টি ড্রাম-চিমনির ভাটা রয়েছে। ড্রাম-চিমনির ভাটায় ইট পোড়ানো একবারেই অবৈধ। আর ফিক্সড-চিমনির ভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই।
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মুন্সী মো. মনিরুজ্জামান বলেন, এসব ভাটায় অভিযান চালিয়ে জরিমানা ও ড্রাম-চিমনি ভেঙে দেওয়া হয়। কিন্তু চলে আসার পরই ভাটাগুলো চালু হয়ে যায়।
মেহেরপুরের জেলা প্রশাসক পরিমল সিংহ প্রথম আলোকে বলেন, ড্রাম চিমনির ইটভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে। সামনে বড় ধরনের অভিযান চালিয়ে দৃশ্যমান একটা কিছু করা হবে।