দুই জেলায় অগ্নিকাণ্ডে ৪১ ঘর পুড়ে ছাই
নীলফামারীর জলঢাকা উপজেলায় গত বৃহস্পতিবার রাতে অগ্নিকাণ্ডে আটটি পরিবারের ২৪টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এদিকে গাইবান্ধার সুন্দরগঞ্জে গতকাল শুক্রবার অগ্নিকাণ্ডে ১৭টি টিনশেড ঘর পুড়ে গেছে।
জলঢাকার মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী গ্রামের প্রতিবন্ধী জহুরুল ইসলামের (৩৫) বাড়ি থেকে বৃহস্পতিবার দিবাগত রাত একটার দিকে আগুনের সূত্রপাত হয়। এ সময় হেলাল হোসেন, সুলতান ইসলাম, জাহাঙ্গীরসহ আট পরিবারের ২৪টি ঘর, ঘরে রক্ষিত আসবাব ও মালামাল পুড়ে যায়। খবর পেয়ে ডোমার ও জলঢাকা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রতিবন্ধী জহুরুলের মা জাহানিয়া বেগম অভিযোগ করে বলেন, ‘আগুন দেখে দরজা খুলে ঘর থেকে বের হতে পারছিলাম না। পরে বেড়া ভেঙে বের হয়ে দেখি বাইরে থেকে দরজা আটকানো।’ শত্রুতার জেরে বাড়িতে কেউ আগুন লাগিয়ে দিয়েছে বলে দাবি করেন তিনি।
ওই অগ্নিকাণ্ডে ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক হেলালেরও ঘর পুড়ে গেছে। তিনি বলেন, ‘জহুরুলের বাড়িতে বিদ্যুতের সংযোগ নেই। আমার বাড়িতেও ঘটনার এক ঘণ্টা পূর্ব থেকে বিদ্যুৎ ছিল না। আগুন দেখে ঘর থেকে বের হয়ে দেখি আমার ঘরের সামনে ধানের খড় পড়ে আছে। পাশাপাশি আমার বাড়ির বিদ্যুৎ সংযোগস্থলের মেইন সুইচ খোলা অবস্থায় দেখতে পাই। মনে হচ্ছে, অগ্নিকাণ্ডটি নাশকতা।’
ডোমার ফায়ার সার্ভিসের দলনেতা আব্দুল কাদের বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জলঢাকা থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘ইউএনও মুহাম্মদ রাশেদুল হক প্রধান ও আমি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটায় গতকাল বিকেল পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ করেননি।’
জলঢাকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান বলেন, ক্ষতিগ্রস্ত আট পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল, দুটি করে কম্বল এবং আংশিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল ও একটি করে কম্বল বরাদ্দ দেওয়া হয়েছে।
গাইবান্ধা ফায়ার সার্ভিস কার্যালয় সূত্র জানায়, সুন্দরগঞ্জের ছাপড়হাটি ইউনিয়নের মরুয়াদহ গ্রামের তাজরুল ইসলামের ঘর থেকে গতকাল ভোর চারটার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে তাজরুলের ভাই জাহেদুল ও প্রতিবেশী নুরুল ইসলাম, আলম মিয়া, ছায়েদ আলী, ছাত্তার মিয়া, আবদুল আজিজ ও সাহেরা বেগমের ১৭টি টিনশেড ঘর পুড়ে যায়। এতে ঘরের আসবাব, টাকা, ধান-চাল, গবাদিপশুসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে ইউএনও এস এম গোলাম কিবরিয়া, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুন্নবী সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। ইউএনও গোলাম কিবরিয়া বলেন, ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে ২ হাজার টাকা, দুই বান্ডিল ঢেউটিন ও তিনটি কম্বল দেওয়া হয়েছে।