দুই জেলায় ইভ টিজিং প্রতিরোধে শোভাযাত্রা
নরসিংদীতে গতকাল মঙ্গলবার ইভ টিজিং (উত্ত্যক্ত করা) প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের দেশব্যাপী উদ্বুদ্ধকরণ কর্মসূচির অংশ হিসেবে এই শোভাযাত্রা হয়। ইভ টিজিং প্রতিরোধে গতকাল মুন্সিগঞ্জেও একই কর্মসূচি পালন করা হয়। আমাদের নিজস্ব প্রতিবেদক, ভৈরব ও মুন্সিগঞ্জ প্রতিনিধির পাঠানো খবর:নরসিংদী: জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমী মিলনায়তনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় নেতৃত্বে দেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী। পরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে ‘ইভ টিজিং রোধে কিশোর-কিশোরী এবং আমাদের করণীয়’ শীর্ষক এক উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব রাজিয়া বেগম এতে সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথি প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, ইভ টিজিংয়ের শিকার মেয়েরা দুইভাবে লাঞ্ছিত হয়। প্রথমে বখাটেদের হাতে, পরে পরিবার থেকে। তিনি বলেন, ইভ টিজিং প্রতিরোধে আইন প্রণয়ন ও আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা খুব জরুরি।মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জে পুলিশ সুপারের কার্যালয় থেকে বের হওয়া শোভাযাত্রা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমীতে গিয়ে শেষ হয়। পরে শিল্পকলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জেলা পুলিশ আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. সফিকুল ইসলাম।