পটুয়াখালী বন বিভাগের আওতাধীন বরগুনা ও পটুয়াখালী জেলার প্রায় এক কোটি ২৮ লাখ গাছ ঘূর্ণিঝড় মহাসেনের আঘাতে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় দুই কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। এসব গাছের বেশির ভাগই পাঁচ বছর আগে রোপণ করা হয়। বন বিভাগ সূত্রে এসব তথ্য জানা গেছে।পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কৃষি বনায়ন বিভাগের চেয়ারম্যান মো. আলমগীর কবির বলেন, উপকূলীয় গাছ ঘূর্ণিঝড়ের সময় বাতাসের গতিরোধক হিসেবে কাজ করে। ফলে ক্ষতি কম হয়। ঝড়ে বিপুলসংখ্যক গাছ ক্ষতিগ্রস্ত হওয়ায় এ অঞ্চলের পরিবেশ ও প্রাকৃতিক দুর্যোগে সুরক্ষার ক্ষেত্রে নেতিবাচক প্রভাব পড়বে। এই ক্ষতি খুব দ্রুত পূরণ করা সম্ভব নয়। তাই বন বিভাগের উচিত চর এলাকায় দ্রুতবর্ধনশীল কেওড়া ও ছৈলাগাছ এবং উপকূলের বাঁধের দুই পাশে বাবলা ও অন্য বৃক্ষ রোপণে এখনই ব্যবস্থা নেওয়া। পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে, ১৬ মে মহাসেনের আঘাতে পটুয়াখালী বন বিভাগের আওতায় প্রায় সাড়ে ৪৮ হেক্টর অশ্বাসমূলীয়, ১৬১ হেক্টর শ্বাসমূলীয়, ৭৮ দশমিক ৬৫ হেক্টর কেওড়া, সাড়ে তিন হেক্টর ছৈলা, ৯২ দশমিক ২৫ হেক্টর গোলপাতা, ১৩ হেক্টর দাইক বাগান, আট দশমিক ৭০ হেক্টর উঁচু স্থানের (মাউন্ট) বাগান, ১৩৪ কিলোমিটার গ্রামীণ সড়ক ও ৩০৮ কিলোমিটার বাঁধের গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।এ ছাড়া বনায়নের প্রায় ১৯ হাজার ও আশ্রয়ণ প্রকল্পের বাগানের ৮৯ হাজার গাছ ও চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে বরগুনায় ২১৪ হেক্টর বনভূমি ও ১৯৯ কিলোমিটার বাঁধ ও গ্রামীণ সড়কের ৬৬ লাখ ৮৫ হাজার গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই জেলায় প্রায় এক কোটি ২৮ লাখ গাছ ক্ষতিগ্রস্ত হয়েছে।বন বিভাগের বরগুনা সদর রেঞ্জ কর্মকর্তা আবদুল লতিফ বলেন, লোকবল সংকটের কারণে সব গাছ অপসারণ ও হেলে পড়া গাছ যথাযথভাবে সুরক্ষা করা সম্ভব হচ্ছে না।পটুয়াখালীর বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বলেন, উপকূলের বিভিন্ন এলাকায় গাছের ক্ষতির পরিমাণ নিরূপণ করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। যেসব গাছের গোড়া আলগা হয়েছে, সেগুলোতে এখনই মাটি দিয়ে সুরক্ষা করার জন্য উপকারভোগীদের পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া পরিবেশে ও জানমালের সুরক্ষায় নতুন করে বনায়নের উদ্যোগ নেওয়া হবে।