দুই জেলায় এক প্রতিবন্ধীসহ তিনজন নিহত
নীলফামারীর জলঢাকা উপজেলার কালীগঞ্জ বাজারে গতকাল শনিবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। একই দিন পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় এক প্রতিবন্ধী নিহত হয়েছেন।
জলঢাকা থানা-পুলিশ সূত্রে জানা গেছে, জলঢাকা-ডোমার-ডিমলা সড়কের কালীগঞ্জ বাজারে গতকাল সকাল সাতটার দিকে একটি বাস ও একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের যাত্রী ব্যবসায়ী জাকির হোসেন (৫৫) ও পিকআপচালক আবুল কালাম (৪৫) নিহত হন। এ ছাড়া জাকিরের ছেলে সাদ্দাম হোসেন (২৫) গুরুতর আহত হন। সাদ্দামকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জাকিরের বাড়ি ডোমারের কাজিপাড়ায়। আবুল কালামের বাড়ি একই শহরের ছোট রাউতা গ্রামে।
আটোয়ারী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার সাবদিগজ এলাকার শারীরিক প্রতিবন্ধী মকলেছ (৩০) গতকাল সকাল আটটায় অটোরিকশা করে আটোয়ারী যাচ্ছিলেন। পথে বারঘাটি-আটোয়ারী সড়কের তোড়িয়ামনি সেতু এলাকায় অপর এক অটোরিকশার সঙ্গে মাথায় আঘাত পেয়ে মকলেছ পড়ে যান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।