দুই জেলায় এক স্কুলছাত্রসহ দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে গতকাল বুধবার পিকআপ ভ্যানের চাপায় রায়হান (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে উপজেলার বৈরচুনা ডাঙ্গাপাড়া গ্রামের আজহারুল ইসলামের ছেলে। এ ছাড়া গত মঙ্গলবার নওগাঁর ধামইরহাটে সড়ক দুর্ঘটনায় সাফিয়া বেগম (৬৭) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
পীরগঞ্জ থানা পুলিশ জানায়, রায়হান সকালে বৈরচুনা উচ্চবিদ্যালয় থেকে প্রাইভেট পড়ে সাইকেলযোগে বাড়ি ফিরছিল। সকাল সাড়ে আটটার দিকে সে আজলাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন চৌরাস্তায় পৌঁছালে আমবোঝাই পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। তাকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সকাল সোয়া ১০টার দিকে রায়হান মারা যায়। সে জগন্নাথপুর উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
এদিকে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ধামইরহাটের আমাইতাড়া মৎস্য খামারের পাশের রাস্তা পার হচ্ছিলেন সাফিয়া। এ সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। সাফিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তিনি উপজেলার আমাইতাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।