দুই জেলায় কলেজছাত্রসহ চারজন সড়ক দুর্ঘটনায় নিহত
ফরিদপুরের মধুখালী উপজেলায় বাসচাপায় এক কলেজছাত্র নিহত হয়েছেন। জেলার নগরকান্দা উপজেলায় ট্রাক খাদে পড়ে নিহত হয়েছেন ট্রাকচালক ও তাঁর সহকারী। এ দিকে বরগুনার আমতলী উপজেলায় বাসচাপায় মারা গেছেন মোটরসাইকেলের এক আরোহী। গতকাল মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।
মধুখালী থানা-পুলিশ জানায়, গতকাল দুপুর ১২টার দিকে উপজেলার পরীক্ষিতপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে বরিশাল থেকে রাজশাহীগামী তুহিন পরিবহনের (ঢাকা-মেট্রো-১৪-০২০৪) একটি যাত্রীবাহী বাস একটি গরুবাহী পিকআপ ভ্যান, একটি রিকশাভ্যান এবং একটি যাত্রীবাহী অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী মো. মিশাল মিয়া (২৫) ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হয় অটোর আরও সাত যাত্রী।
নিহত মিশাল মিয়া ফরিদপুরের সরকারি রাজেন্দ্র কলেজের হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ছিলেন। তাঁর বাড়ি মধুখালীর দীঘলিয়া গ্রামে। বাবার নাম মো. সোহরাব।
আহত অন্য যাত্রীরা হলো শিরিনা বেগম (৩৫), মাধব বাড়ৈ (৪২), জুলেখা (৪৫), এনায়েত (১৪), মুন্নি (১৪), মোতালেব শেখ (৫৫) ও শফিকুল ইসলাম (৫০)। তাদের সবার বাড়ি মধুখালী উপজেলার বড় গোপালদি গ্রামে। জুলেখা ও এনায়েতের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল আলম বলেন, তুহিন পরিবহনের বাসটির চালক গাড়িটি ফেলে রেখে পালিয়ে গেছেন।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন সরকার জানান, পদ্মা সেতুর নির্মাণকাজে ব্যবহারের জন্য বালু নিয়ে একটি ট্রাক মাওয়া ঘাট এলাকায় যাচ্ছিল। পথে ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলার ভবুকদিয়া এলাকায় গতকাল ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি রাস্তার পাশের খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক উজ্জ্বল শরীফ (৪৫) ও তাঁর সহকারী বাবুল মোল্লা (৩০)।
উজ্জ্বল শরীফ ভাঙ্গা উপজেলার ভদ্রাসন গ্রামের আওয়াল শরীফের ছেলে। বাবুল মোল্লার বাড়ি ফরিদপুর সদরের শিবরামপুর গ্রামে। তাঁর বাবার নাম শাহাদত মোল্লা।
এদিকে বরগুনার আমতলী থানা-পুলিশ জানায়, গতকাল সকালে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস পটুয়াখালীর কুয়াকাটা থেকে ঢাকায় যাওয়ার পথে আমতলী উপজেলার মহিষকাটা এলাকায় একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই এর আরোহী আনোয়ার হোসেন (২৬) মারা যান।
নিহত আনোয়ার বরিশালের মুলাদি উপজেলার মমিন উদ্দিন মল্লিকের ছেলে। তিনি একটি ডিটারজেন্ট কোম্পানির বরগুনা-পটুয়াখালী-পিরোজপুরের ব্যবস্থাপক ছিলেন। আমতলী থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, বাসটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছেন।