দুই জেলায় কোটি টাকার নিষিদ্ধ জাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের চরভদ্রাসন ও বরগুনার পাথরঘাটায় প্রায় এক কোটি ১৫ লাখ টাকার বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল পুড়িয়ে ফেলা হয়েছে। কোস্টগার্ড ও উপজেলা প্রশাসন এগুলো জব্দ করে পুড়িয়ে ফেলে।পদ্মা নদীর চরভদ্রাসন উপজেলার চরহাজীগঞ্জ, গোপালপুর, চর সালেপুর ও ভাটিসালেপুর এলাকায় গত বুধবার রাতে অভিযান চালায় উপজেলা প্রশাসন।এ সময় চারটি কারেন্ট জাল, তিনটি বেড়সহ বিভিন্ন ধরনের প্রায় ৪০ মণ ওজনের নিষিদ্ধ জাল জব্দ করা হয়। গত বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের চত্বরে এগুলো পুড়িয়ে ফেলা হয়। এসব জালের আনুমানিক মূল্য চার লাখ টাকা।কোস্টগার্ডের সদস্যরা বৃহস্পতিবার বরগুনার পাথরঘাটা উপজেলায় বলেশ্বর ও বিষখালী নদী থেকে দুই লাখ বাগদার পোনা, এক লাখ মিটার কারেন্ট জাল, ছয়টি বেহুন্দি ও ৪১টি মশারি জাল জব্দ করেন। ওই দিনই উপজেলা মৎস্য কর্মকর্তা দেবব্রত কবিরাজ ও কোস্টগার্ডের সদস্যদের উপস্থিতিতে বিষখালী নদীসংলগ্ন নিশানবাড়িয়ার চরে জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১০ লাখ ৯৫ হাজার টাকা। আটক দুই লাখ বাগদা পোনা বিষখালী নদীতে অবমুক্ত করা হয়।