দুই জেলায় চার জেলেকে কারাদণ্ড ও জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলায় সুগন্ধা নদীতে ইলিশ ধরার দায়ে গতকাল শুক্রবার দুই জেলেকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযোগে আগের দিন বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে দুই জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে।
ইলিশ রক্ষায় ১২ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বর পর্যন্ত ইলিশ আহরণ, বিপণন ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
ঝালকাঠির নলছিটি উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন বলেন, গতকাল সকালে জেলেরা সুগন্ধা নদীতে নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ ধরছিলেন। এ সময় উপজেলা মৎস্য বিভাগ অভিযান চালিয়ে সুগন্ধার দপদপিয়া এলাকা থেকে রাজ্জাক মোল্লা ও সবুজ হোসেন নামের দুই জেলেকে আটক করে। এ ছাড়া সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৬৫ হাজার টাকা মূল্যের ৪ হাজার ১০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জালগুলো নলছিটি ফেরিঘাটে পুড়িয়ে ফেলা হয়।
পিরোজপুর জেলা মৎস্য কর্মকর্তা শহিদুল ইসলাম সরদার বলেন, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে বৃহস্পতিবার জেলেরা কচা ও সন্ধ্যা নদীতে ইলিশ শিকার করছিলেন। বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত নির্বাহী হাকিম শেখ রাশেদ উজ্জামানের নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ৫২টি ইলিশ ধরার জাল জব্দ করা হয়। এর মূল্য প্রায় ১২ লাখ টাকা। অভিযান টের পেয়ে জেলেরা পালিয়ে যান। রাতে জালগুলো বেকুটিয়া ফেরিঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।
গোয়ালন্দ উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, অধিদপ্তরের উদ্যোগে পদ্মা নদীর দৌলতদিয়া ঘাট থেকে উজানচর পর্যন্ত গত বৃহস্পতিবার অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষ। অভিযানে প্রায় এক হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। রাতেই দৌলতদিয়া লঞ্চঘাট এলাকায় কারেন্ট জালগুলো পুড়িয়ে ফেলা হয়। অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতের নৌকার ওপর জেলেদের ইঞ্জিনচালিত নৌকা উঠে যাওয়ায় দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মহসিন মিয়া ও মৎস্য দপ্তরের কর্মচারী রিয়াজুল ইসলাম আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকার করায় ওই নৌকার দুই জেলেকে আটক করা হয়। গতকাল সকালে তাঁদের দুই হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। অভিযানকালে ভারপ্রাপ্ত উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদও উপস্থিত ছিলেন।
ইউএনও পঙ্কজ ঘোষ বলেন, বৃহস্পতিবার ভোরেও ইলিশ শিকারের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ তৎপরতা অব্যাহত থাকবে।