কুড়িগ্রামে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনায় জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল কবীর (৩০) নিহত হয়েছেন। একই দিন সিরাজগঞ্জ সদর উপজেলা ও রায়গঞ্জে দুজন নিহত হয়েছেন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কুড়িগ্রাম: খায়রুলের পরিবারের সদস্যরা জানান, ১৮ দলের বিক্ষোভ মিছিলে যোগ দিতে সকাল সাড়ে নয়টার দিকে খায়রুল মোটরসাইকেলে করে নিজ বাড়ি রাজারহাটের বালাকান্দি থেকে কুড়িগ্রামের দলীয় কার্যালয়ে যাচ্ছিলেন। পথে ফরকেরহাট কৈকুরি এলাকায় প্রচণ্ড কুয়াশার কারণে বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই ট্রলির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে খায়রুলকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ওই হাসপাতালের চিকিৎসক নজরুল জানান, খায়রুল মাথায় প্রচণ্ড আঘাত পাওয়ায় ঘটনাস্থলে তিনি নিহত হন।
খায়রুলের মৃত্যুতে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সহসভাপতি আবু বকর সিদ্দিক, যুগ্ম সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান, ছাত্রদলের আহ্বায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর প্রমুখ শোক প্রকাশ করেছেন।
সিরাজগঞ্জ: সদর উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের সয়দাবাদে গতকাল ভোররাতে একটি ট্রাক অজ্ঞাতপরিচয় এক ব্যক্তিকে (৪০) চাপা দিয়ে দ্রুত চলে যায়। পরে পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করায়। সেখানে সকালে তিনি মারা যান। এ ব্যাপারে থানায় মামলা হয়েছে। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রায়গঞ্জ (সিরাজগঞ্জ): সকাল ১০টার দিকে উপজেলার ভূইয়াগাতী বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পারাপারের সময় ট্রাকচাপায় ঘটনাস্থলেই নূর মোহামঞ্চদ (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হন। এ সময় ক্ষুব্ধ জনতা ট্রাকটি ভাঙচুর এবং ট্রাকচালক শুকুর মাহমুদ ও চালকের সহকারী আবদুর রহিমকে আটক করে পুলিশে সোপর্দ করেন। নূর মোহামঞ্চদের বাড়ি উপজেলার ঘুড়কা ইউনিয়নের লাঙ্গলমোড়া গ্রামে।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আলী ফরিদ আহমেদ জানান, পরিবারের সদস্যদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁর লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।