দুই জেলায় ছাত্রদল নেতাসহ নিহত ৩
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী এক ছাত্রদল নেতার মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফেঞ্চুগঞ্জে সড়ক পারাপারের সময় বাসের চাপায় এক শিশু ও ময়মনসিংহ শহরের কেওয়াটখালী বাইপাস সড়কে পিকআপ ভ্যানের চাপায় এক নারীর মৃত্যু হয়েছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
দক্ষিণ সুরমা থানার পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা সাড়ে তিনটায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের লালাবাজার এলাকায় পেছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়ে মোটরসাইকেলের আরোহী জুনেদ মিয়া (২৮) মারা গেছেন। নিহত জুনেদের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার গমরাকুল গ্রামে। তিনি বিশ্বনাথের খাজাঞ্চি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সভাপতি। এ সময় মোটরসাইকেলের অপর আরোহী একই ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমদ গুরুতর আহত হন। তাঁরা মোটরসাইকেলে করে বিশ্বনাথ থেকে সিলেটে আসছিলেন।
থানার ওসি রঞ্জন সামন্ত বলেন, ‘ট্রাকটি মোটরসাইকেলকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। জুনেদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
সিলেট-মৌলভীবাজার সড়কের ফেঞ্চুগঞ্জ উপজেলার খিলপাড়া এলাকায় গতকাল দুপুরে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী একটি বাস শাহেদ (৮) নামের একটি শিশুকে চাপা দিয়ে পালিয়ে যায়। শিশুটি খিলপাড়া গ্রামের শাবুদ্দিনের ছেলে। ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ময়মনসিংহ কোতোয়ালি থানার পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকাল ১০টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের কেওয়াটখালী বাইপাস এলাকায় বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কর্মীরা রাস্তার পাশে গাছের ডাল কাটছিলেন। এ সময় গাছের একটি ডাল বিদ্যুৎ লাইনে পড়ে আগুন ধরে যায়। হঠাৎ আগুন দেখে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে দুই পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত পরিচয় এক নারী পথচারী নিহত ও অপর জন সামান্য আহত হন।