বিশ্ব মা দিবস উপলক্ষে গতকাল রোববার নওগাঁয় পাঁচ মাকে রত্নগর্ভা সম্মাননা ও নাটোরে এক মাকে সম্মাননা দেওয়া হয়েছে। এ ছাড়া পাবনার ঈশ্বরদী উপজেলায় মা সমাবেশ ও আলোচনা সভা হয়েছে।
নওগাঁ পিয়ারলেস হসপিটালের উদ্যোগে পাঁচজন মাকে ‘পিয়ারলেস রত্নগর্ভা মা’ সম্মাননা দেওয়া হয়। এ উপলক্ষে এক অনুষ্ঠানে বিভিন্ন উপজেলা থেকে আসা মায়েরা জড়ো হয়েছিলেন একটি হোটেলে। রত্নগর্ভা মা সম্মাননা পাওয়া মায়েরা হলেন আয়েশা খাতুন, তহসিনা খাতুন, সামসুন নাহার, জেসমিনা জলিল ও মরহুমা গুল-ই-রায়হান। সম্মাননা পাওয়া মায়েরা ছাড়াও রত্নগর্ভা মা সম্মাননা পদকের জন্য যেসব মা আবেদন করেছিলেন, সেই মায়েরাও অনুষ্ঠানে এসেছিলেন।
নওগাঁ পিয়ারলেস হসপিটালের পরিচালক মনজুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোজাম্মেল হক ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন নওগাঁ শাখার সভাপতি হাবিবুর রহমান। বক্তব্য দেন আবৃত্তি পরিষদ নওগাঁর সভাপতি ময়নুল হক দুলদুল, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি কায়েস উদ্দীন, প্রথম আলো বন্ধুসভা নওগাঁর সভাপতি তাসলিমা ফেরদৌস প্রমুখ।
এর আগে পিয়ারলেস হসপিটালের আয়োজনে শোভাযাত্রা হয়। পরে প্রতিষ্ঠানটির উদ্যোগে দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
নাটোরের বাগাতিপাড়া উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক কার্যালয়ের যৌথ আয়োজনে বড়াল সভাকক্ষে আলোচনা সভা হয়। সভাপতিত্ব করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা খাদেমুল ইসলাম। পরিচালনা করেন পরিসংখ্যানবিদ আরশাদ মাহমুদ। সভায় ছেলের সঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করায় মা মলি রানীকে সম্মাননা দেওয়া হয়। বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা আক্তার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, নারী ফোরামের সদস্য কাঁকন আরা বেগম, মলি ও ছেলে মৃন্ময় কুমার।
সিংড়ায় অসচ্ছল ৬৬ জন মাকে স্বপ্ন প্যাকেজ কার্ড দেওয়া হয়। উপজেলা প্রশাসন ও মহিলাবিষয়ক অধিদপ্তরের আয়োজনে শোভাযাত্রা হয়। সভায় ইউএনও মোহাম্মদ নাজমুল আহসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুশফিকুর রহমান, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আফসার আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন সুলতানা প্রমুখ।
ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নে বড়ইচরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে দুপুরে মা সমাবেশ ও আলোচনা সভা হয়। উপজেলা চেয়ারম্যান মকলেছুর রহমান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বিদ্যালয়ের মাঠে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কানিজ ফাতেমা, উপজেলা চালকল মালিক গ্রুপের সভাপতি ফজলুল রহমান, প্রধান শিক্ষক রহমত আলী, সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমান, জামাত আলী প্রমুখ। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি নুরুল ইসলাম মেম্বার।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নওগাঁ, নাটোর, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি]