দুই জেলায় জেএমবির তিন সদস্যের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বিস্ফোরক মামলায় গত সোমবার নিষিদ্ধ ঘোষিত সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) দুই সদস্যকে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিন চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় জেএমবির এক সদস্যকে কারাদণ্ড দিয়েছেন আদালত।

নারায়ণগঞ্জ বন্দর থানায় র‌্যাবের দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় জেএমবির দুই সদস্য মাহবুব ও সাইফুল ইসলামকে ২০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। অতিরিক্ত জেলা ও দায়রা জজের দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল-৭-এর বিচারক মোসাম্মাৎ কামরুন নাহার সোমবার দুপুরে দুই আসামির উপস্থিতিতে এই রায় দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী ও অতিরিক্ত সরকারি কৌঁসুলি জাসমীন আহমেদ জানান, র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের মেজর আতিকুর রহমানের নেতৃত্বে একটি দল টাঙ্গাইল জেলার বায়না বাইপাস সড়কে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, গুলিসহ জেএমবির সদস্য সাইফুলকে গ্রেপ্তার করে ২০০৬ সালের ২৯ ডিসেম্বর। সাইফুলের দেওয়া তথ্য অনুযায়ী তাঁকে নিয়ে র‌্যাবের সদস্যরা ২০০৭ সালের ৭ জানুয়ারি রাতে বন্দর উপজেলার ফরাজীকান্দায় মাহবুবের বাড়িতে অভিযান চালিয়ে ২১টি দেশে তৈরি হ্যান্ডগ্রেনেড ও পাওয়ারজেল উদ্ধার করে। এ ঘটনায় র‌্যাব-১১-এর উপসহকারী পরিচালক (ডিএডি) আবদুস সালাম বাদী হয়ে বন্দর থানায় মাহবুব ও সাইফুল ইসলামকে আসামি করে পরদিন মামলা করেন। বন্দর থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম তদন্ত শেষে দুই আসামির বিরুদ্ধে ২০০৭ সালের ৭ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। আদালতে বিচারকাজ শুরু হয় ২০০৯ সালের ১৫ ফেব্রুয়ারি।

চাঁপাইনবাবগঞ্জে আবদুল মনিব (২৯) নামের জেএমবির অপর এক সদস্যকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের কয়লারদিয়াড় সন্ন্যাসী গ্রামের আজমল হকের ছেলে। সোমবার বেলা সাড়ে ১১টায় স্পেশাল ট্রাইব্যুনাল-২-এর বিচারক মোহা. জিয়াউর রহমান এ আদেশ দেন।

সরকারি কৌঁসুলি (পিপি) জবদুল হক জানান, ২০০৯ সালের ১৮ জুন পুলিশআবদুল মনিবের বাড়িতে অভিযান চালিয়ে একটি শুটারগান ও ৩০৩ রাইফেলের তিনটি গুলি উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় এসআই মিজানুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। সোমবার আবদুল মনিবের উপস্থিতিতে তাঁকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত।