দুই জেলায় ঝড়ে আটজন নিহত
ঝড়ে কিশোরগঞ্জের চারটি ও ময়মনসিংহের তিনটি উপজেলায় গাছের নিচে চাপা পড়ে বাবা-ছেলেসহ আটজনের মৃত্যু হয়েছে। গত শনিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত ওই ঝড়ে তাঁরা নিহত হন। এ ছাড়া ঝড়ে কিশোরগঞ্জের ভৈরব ও ময়মনসিংহের ত্রিশালে আট শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়েছে।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় দুজন, কটিয়াদীতে একজন, বাজিতপুরে একজন এবং কুলিয়ারচরে একজন নিহত হন। চারটি উপজেলার স্থানীয় কয়েকজন জানান, উপজেলার ওপর দিয়ে ঝড় বয়ে যায় শনিবার দিবাগত রাত সাড়ে বারোটা থেকে একটার মধ্যে। এ সময় ঝড়ে গাছচাপায় জাঙ্গালিয়া ইউনিয়নের কাজীহাটি গ্রামের হজরত আলী (৩৫) এবং তাঁর ছেলে রিজন মিয়া (৭) নিহত হয়।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন জানান, হজরত ও রিজন ঘরে ঘুমিয়ে ছিল। ঝড়ে একটি রেইনট্রি গাছ ঘরের চালায় পড়ে। এতে বাবা ও ছেলে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘরের চালের ওপর গাছ পড়লে কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের কাজীরচর গ্রামের আবদুল মান্নান মিয়া (৬০) চাপা পড়েন। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর তাঁর মৃত্যু হয়।
কুলিয়ারচরে সন্ধ্যায় শুরু হওয়া ঝড়ে পৌর শহরের পৈলানপুর মহল্লায় সিএনজিচালিত অটোরিকশার ওপর একটি গাছ পড়ে। এতে শীতল চন্দ্র বর্মণ (৩২) নামে অটোরিকশার এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। অন্য যাত্রীরা সামান্য আহত হন। নিহত শীতল মাছ ব্যবসায়ী ছিলেন। নরসিংদীর বেলাব বাজারে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে তিনি ঝড়ের কবলে পড়েন।
কুলিয়ারচর থানার ওসি চৌধুরী মিজানুজ্জামান বলেন, গাছচাপায় শীতল চন্দ্র বর্মণ নামের এক ব্যক্তি নিহত হওয়ার খবর তিনি জেনেছেন।
ঝড়ের সময় বাজিতপুর উপজেলার দিলালপুর ইউনিয়নের তাতালচর গ্রামের রিমা আক্তার (১০) উঠান থেকে দৌড়ে ঘরে ফেরার পথে গাছচাপায় মারা যায়। গাছের একটি ডাল তার মাথার ওপর পড়লে সে আহত হয়। বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রিমার মৃত্যু হয়।
ময়মনসিংহের তিনটি উপজেলায় শনিবার রাতের ঝড়ে নিহত ব্যক্তিরা হলেন ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের ইছামতি গ্রামের ইলিয়াছ আলী (২২), মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের মানিকপুর গ্রামের জালাল উদ্দিন (৩৫) ও ফুলবাড়ীয়া উপজেলার রাঁধাকানাই গ্রামের আবদুল করিম চৌধুরী (৪০)।
ত্রিশাল, ফুলবাড়ীয়া ও মুক্তাগাছা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে তিনটি উপজেলার ১৭টি ইউনিয়নের ওপর দিয়ে তীব্র বেগে কালবৈশাখী বয়ে যায়।
ঝড়ের সময় ঘরের চালের ওপর গাছ ভেঙে পড়লে ভেতরে থাকা মানিকপুর গ্রামের জালাল উদ্দিন মারা যান। এ ছাড়া ঝড়ের সময় রাস্তায় থাকা ইছামতি গ্রামের ইলিয়াছের ওপর গাছের ডাল ভেঙে পড়লে তিনি মারা যান।
ফুলবাড়ীয়া উপজেলার দবরদস্তা বাজারের একটি দোকানে আশ্রয় নিলে সেখানে গাছের ডাল ভেঙে পড়লে আবদুল করিম চৌধুরী ঘটনাস্থলেই মারা যান। এ সময় রাঁধাকানাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী আহত হন।
ঝড়ে ত্রিশাল উপজেলার বালিপাড়া, বৈলর, সাকুয়া, রামপুর ও ধানীখোলা ইউনিয়নে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ফুলবাড়ীয়ার ইউএনও বনানী বিশ্বাস বলেন, ঝড়ে উপজেলার ১৩টি ইউনিয়নের ফসল ও ঘরবাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। মুক্তাগাছার ইউএনও উম্মে জোহরা জানান, উপজেলার বাসুটি, খেরুয়াজানি ইউনিয়নসহ বেশ কয়েকটি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভৈরবে ঘরবাড়ি বিধ্বস্ত: শনিবার সন্ধ্যায় ঝড় আঘাত হানলে উপজেলার আগানগর, শিমুলকান্দি, শ্রীনগর, সাদেকপুর ও কালিকাপ্রসাদ ইউনিয়নের পাঁচ শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত ও বিধ্বস্ত হয়। এ ছাড়া ওই পাঁচটি ইউনিয়নের বিদ্যুৎ সঞ্চালন লাইন ও ফসল ক্ষতিগ্রস্ত হয়। সন্ধ্যার পর থেকে এ কারণে অন্তত পৌনে এক লাখ মানুষ বিদ্যুৎ-সেবার বাইরে রয়েছে। এর মধ্যে সবচেয়ে ক্ষতি হয়েছে আগানগর ও সাদেকপুর ইউনিয়নে।
সাদেকপুর ইউপি চেয়ারম্যান তোফাজ্জল হোসেন বলেন, ‘সরকারি সহায়তা না পেলে আমার ইউনিয়নের অনেকের পক্ষে নতুন করে ঘর তৈরি করা সম্ভব হবে না।’
ইউএনও জেসমিন আক্তার জানান, প্রশাসনের পক্ষ থেকে গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেছেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। ক্ষতির হিসাব নির্ধারণের কাজ চলছে।