দুই জেলায় ট্রাক চাপায় দুজন নিহত
কুষ্টিয়া শহরতলির ফুলতলায় এবং মাদারীপুরের শিবচর উপজেলার বন্দরখোলায় সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। তাঁরা হলেন ইমান আলী (৪৫) ও মানিক ঘরামি (৭২)। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইমান আলী ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) চৌড়হাস ডিপোর শ্রমিক কর্মচারীদের সর্দার ছিলেন। গত বুধবার সন্ধ্যা সাতটার দিকে চৌড়হাস অফিস থেকে ফুলতলার নিজ বাড়িতে ফেরার পথে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা একটি ট্রাক তাঁকে পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তবে ট্রাকসহ চালক পালিয়ে গেছেন।গতকাল বৃহস্পতিবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার বন্দরখোলা এলাকায় রাস্তা পার হওয়ার সময় পথচারী মানিক ঘরামিকে বরিশালগামী একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। মানিক ঘরামি শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের সাড়ে বাইশ রশি এলাকার বাসিন্দা। পাচ্চর হাইওয়ে পুলিশ ট্রাকটি আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।