দুই জেলায় ট্রাকচাপায় ২ জনের মৃত্যু
সাতক্ষীরা ও জামালপুরে ট্রাকের চাপায় দুজনের মৃত্যু হয়েছে। দুটো ঘটনাই ঘটেছে আজ সোমবার সকালে।
আজ বেলা ১১টায় সাতক্ষীরা সদর উপজেলার সাতক্ষীরা-যশোর সড়কের ঝাউডাঙ্গা বাজারে ট্রাকের চাপায় রামপদ মণ্ডল (৫৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত রামপদ সাতক্ষীরা সদর উপজেলার বারুইবায়শা গ্রামের সন্তোষ কুমার মণ্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, বাড়ি থেকে ঝাউডাঙ্গা বাজারে কেনাকাটা করতে গিয়েছিলেন রামপদ মণ্ডল। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় যশোর থেকে একটি ট্রাক ঝাউডাঙ্গা বাজারে তাঁকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন মোল্লা জানান, রামপদ মণ্ডলের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
জামালপুর প্রতিনিধি জানান, সদর উপজেলায় ট্রাকচাপায় আরফান আলী (৩২) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। আজ সকাল ১০টার দিকে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিঘপাইত এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার লাউফুল গ্রামে। তাঁর বাবার নাম মাজেম আলী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল রোববার বিকেলে আরফান আলী জামালপুর শহরে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। আজ সকাল ১০টার দিকে বাড়ি ফেরার পথে জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের দিঘপাইত এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে নিয়ে যায়।
জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ও পরিদর্শক মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, ঘাতক ট্রাকটি চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ফলে ট্রাক আটক করা যায়নি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে মামলা হবে।