দুই জেলায় ট্রেন লাইনচ্যুত
ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীতে গতকাল বৃহস্পতিবার পৃথক দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে বিভিন্ন রেলপথে কয়েক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।
ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের কাছে সকালে উপকূল এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হলে ঢাকার সঙ্গে চট্টগ্রাম ও সিলেটের ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হয়। আর নরসিংদীতে বিকেলে পেছনের একটি বগি লাইনচ্যুত হয় জয়ন্তিকা এক্সপ্রেসের। এতে কয়েকটি পথে তিন ঘণ্টা রেল চলাচল বন্ধ থাকে।
ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনা: নোয়াখালী থেকে ঢাকায় যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ায় দুর্ঘটনার শিকার হয় উপকূল এক্সপ্রেস ট্রেন। দুর্ঘটনার পর ট্রেনটির যাত্রা বাতিল করা হয়। বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত ট্রেনটির উদ্ধারকাজ চলছিল। দুর্ঘটনার কোনো কারণ উদ্ঘাটন করা যায়নি।
রেলস্টেশন সূত্রে জানা গেছে, নোয়াখালী থেকে ছেড়ে আসার পর উপকূল এক্সপ্রেস বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনে যাত্রাবিরতি করে। পরে ঢাকার উদ্দেশে ফের ছেড়ে যাওয়ার পর স্টেশন থেকে একটু সামনে পুনিয়াউট রেলক্রসিং এলাকায় ছয়টি বগি লাইনচ্যুত হয়।
এদিকে দুর্ঘটনার পর উপকূল এক্সপ্রেসের যাত্রা বাতিল করে দুপুরে সিলেট থেকে আসা ঢাকাগামী আন্তনগর কালনী এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের তুলে দেওয়া হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের উপসহকারী প্রকৌশলী মহসিন উদ্দিন ভূঁইয়া বিকেল সাড়ে চারটায় প্রথম আলোকে জানান, উদ্ধারকাজ চলছে। আপলাইন দিয়ে ট্রেন চলাচল শুরু করতে আরও দুই ঘণ্টার মতো সময় লাগবে।
নরসিংদীতে দুর্ঘটনা: ঢাকা থেকে সিলেটগামী জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেনের পেছনের একটি বগি বিকেল চারটায় নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ স্টেশনের অদূরে লাইনচ্যুত হয়।
এ দুর্ঘটনায় ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট, ঢাকা-কিশোরগঞ্জসহ পূর্বাঞ্চলীয় সব রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিকল্প ব্যবস্থায় রাত পৌনে আটটার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন আমিরগঞ্জ রেলস্টেশন অতিক্রম করার পর লাইনের পয়েন্টে ত্রুটি থাকায় লুপ লাইন থেকে মেইন লাইনে ওঠার সময় একটি বগি লাইনচ্যুত হয়।