দুই জেলায় ডাকাতি
ঠাকুরগাঁওয়ে গত বুধবার রাতে দুটি ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা ৯২ হাজার টাকা ও দুটি মোটরসাইকেল লুট করে নিয়ে গেছে। তাদের হামলায় আহত হয়েছেন সাতজন। রংপুরের বদরগঞ্জ-তারাগঞ্জ সড়কে বুধবার রাতে গণডাকাতি হয়েছে।পুলিশ ও এলাকাবাসী জানায়, ঠাকুরগাঁও শহরের কাঁচামাল ব্যবসায়ী আনিসুর রহমান, ইউসুফ আলী ও দবিরুল ইসলাম মোটরসাইকেলে করে পীরগঞ্জ যাচ্ছিলেন। রাত ১১টার দিকে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের হাবীবপুর ফার্ম এলাকায় পাঁচ-সাতজন ডাকাত তাঁদের মোটরসাইকেলটির গতিরোধ করে। ডাকাতেরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আনিসুরের কাছ থেকে ৯২ হাজার টাকা এবং মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। এদিকে রাত একটার দিকে সদর উপজেলার উত্তর ঠাকুরগাঁও নিমবাড়ী সড়কে গাছের গুঁড়ি ফেলে দুটি মোটরসাইকেলের গতিরোধ করে একটি ডাকাত দল। ডাকাতেরা আরোহী রবিউল ইসলাম, মাসুদ পারভেজ, নজরুল ইসলাম ও জাকির হোসেনকে বেধড়ক মারধর করে। তারা জাকির হোসেনের মোটরসাইকেলটি ভাঙচুর করে এবং রবিউল ইসলামের মোটরসাইকেলটি নিয়ে যায়। আহতদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে সদর উপজেলার খড়িবাড়ী গ্রামের হবিবর রহমান নামের এক ডাকাতকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। পরে এলাকার লোকজন আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করে। পুলিশ সুপার শাহ আলম বলেন, মোটরসাইকেল লুট ও ডাকাতির সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।রংপুরের বদরগঞ্জ-তারাগঞ্জ সড়কের কালীরহাট এলাকায় গত বুধবার রাতে গণহারে ডাকাতি হয়েছে। ১৫-১৬ জনের একদল ডাকাত রাস্তায় রশি টানা দিয়ে পথচারীদের আটকিয়ে ধারালো অস্ত্রের মুখে একটি মোটরসাইকেল, ছয়টি বাইসাইকেল, মুঠোফোনের ১০টি সেট ও অন্তত অর্ধলাখ টাকা লুটে নিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ইউএনওর সভাকক্ষে রংপুর জেলা প্রশাসকের উপস্থিতিতে অনুষ্ঠিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির পূর্বনির্ধারিত সভায় এ ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসক বি এম এনামুল হক থানার ওসিকে দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করার নির্দেশ দেন। স্থানীয় লালদীঘি পিরপাল কলেজের প্রভাষক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমি ওই দিন সন্ধ্যার পর বদরগঞ্জ বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে ওই স্থানে মুখোশপরা ডাকাতদের কবলে পড়ি। ডাকাতেরা রশি টানা দিয়ে গতিরোধ করে ধারালো অস্ত্রের মুখে আমার মোটরসাইকেল, ৩৭ হাজার টাকা এবং একটি মোবাইল সেট লুটে নেয়। পরে হাত-পা বেঁধে আমাকে পাশের চিকলী নদীর চরে ফেলে রাখে।’জানা গেছে, ডাকাতেরা উপজেলার পাঠানহাট বালাপাড়া গ্রামের সাইফুল ইসলাম, দিলালপুর সাতরপাড়ার আনিসুল হক, লালদীঘি বাজারের হোমিও চিকিৎসক অশোক রায়, রাধানগর বালাপাড়া গ্রামের হোসেন আলীসহ অন্তত ১৫ জন পথচারীর সর্বস্ব লুটে নেয়।বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোবারক আলী সরকার বলেন, ‘এ ঘটনায় এখনো থানায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। তবে ওটা সড়ক ডাকাতি নয়, ছিনতাই।’