দুই জেলায় ডুবে নিহত ৪ শিশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী ও ভোলায় পুকুরে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে তিনটি পৃথক ঘটনায় এসব মৃত্যু হয়।

নীলফামারীর জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের রাজারহাট এলাকায় পুকুরে ডুবে দুই শিশু মারা যায়। নিহত শিশুরা হলো উপজেলার রাজারহাট বাবুপাড়া গ্রামের গণেশ চন্দ্র রায়ের মেয়ে প্রাপ্তি (৪) ও একই গ্রামের দ্বিজেন্দ্র নাথ রায়ের মেয়ে ববিতা রানী (৫)।

পুলিশ ও পারিবারিক সূত্র জানায়, নিহত প্রাপ্তি কাঁঠালী ইউনিয়নের দক্ষিণ দেশিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অনিতা রানীর মেয়ে। সে প্রায় প্রতিদিনই মায়ের সঙ্গে বিদ্যালয়ে যেত। আজ সকালে সে তার মায়ের বিদ্যালয়ে যাওয়ার আগেই প্রতিবেশী ববিতা রানীকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের দিকে যায়। পথে রাজারহাট এলাকার বটতলী এলাকায় দুজনই পুকুরে পড়ে যায়। স্থানীয় লোকজন টের পেয়ে তাদের পুকুর থেকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খুটামারা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাইদ চৌধুরী ও জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি সকাল সাড়ে নয়টার দিকে ঘটেছে। ইউপির চেয়ারম্যানের অনুমতি নিয়ে তাঁরা লাশের সৎকার করতে পারবেন। এ জন্য পুলিশের অনুমতির প্রয়োজন হয় না।

ভোলার সদর উপজেলার দুই ইউনিয়নে দুই শিশুর মৃত্যু হয়। সকাল আটটার দিকে মায়ের অজান্তে তারা মায়ের সঙ্গে সঙ্গে পুকুরে যায়। পরে তাদের লাশ পুকুর থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুদের মৃত ঘোষণা করেন। এসব তথ্য দেন ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির।

পুলিশ ও নিহত শিশুদের স্বজনেরা বলেন, ভোর সাড়ে সাতটার দিকে উপজেলার উত্তর দিঘলদী জয়গুপি গ্রামের মো. ইউনুসের মেয়ে নাসরিন (২) ও সকাল আটটার দিকে শিবপুর ইউনিয়নের রতনপুর গ্রামের মো. লিটনের মেয়ে খাদিজা বেগম (২) পুকুরে ডুবে মারা যায়।