দুই জেলায় তিন খুন
সিরাজগঞ্জ সদর ও শাহজাদপুর উপজেলায় দুই ব্যক্তি খুন হয়েছেন। মুঠোফোনে ডেকে নিয়ে খুলনা নগরে সোহেল রানা (২০) নামের এক তরুণকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:সিরাজগঞ্জ: সদর উপজেলার বৈদ্য ধলডোব গ্রামে শ্বশুরবাড়িতে ঘরজামাই হিসেবে বাস করতেন রায়গঞ্জ উপজেলার কালাম খান (৩৬)। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে কালামের সঙ্গে তাঁর শ্যালকদের দ্বন্দ্ব চলে আসছিল। এ ঘটনার জের ধরে গত সোমবার রাতে কালামের স্ত্রী ও শ্যালকেরা তাঁর মুখের মধ্যে বিষ ঢেলে হত্যা করে বাড়ি থেকে কিছুটা দূরে লাশ ফেলে রাখেন। গতকাল মঙ্গলবার লাশটি দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। শাহজাদপুর উপজেলার মাদলা গ্রামের আয়নাল হকের ছেলে রিকশাচালক দুলাল মিয়া (৩২) সোমবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়ে ছিলেন। রাতে অজ্ঞাতনামা কিছু লোক তাঁকে ডেকে নিয়ে যায়। এর পর তিনি আর বাড়ি ফেরেননি। গতকাল সকালে পোতাজিয়া-মাদলা সড়কের একটি সেতুর নিচের খালে তাঁর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।খুলনা: গত সোমবার রাতে নগরের ছোট বয়রা টেক্সটাইল মিল এলাকায় খুনের ঘটনাটি ঘটে। নিহত সোহেল রানা নগরের সোনাডাঙ্গা এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে। তিনি ঢাকার একটি পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।সোহেলের বোন মুক্তা খাতুন (১৭) বলে, তার ভাই কয়েক দিন আগে ঈদের ছুটিতে বাড়িতে আসেন। গত রোববার এলাকার কয়েকজন ছেলের সঙ্গে তার ভাইয়ের ঝগড়া হয়। সোমবার রাতে ভাত খাওয়ার সময় ওই ছেলেদের একজন মুঠোফোনে তার ভাইকে ডেকে নিয়ে যায়। রাত নয়টার মধ্যে বাড়ি ফিরে না আসায় তারা তাঁকে খোঁজাখুঁজি শুরু করে। রাত সাড়ে ১০টার দিকে টেক্সটাইল মিল এলাকায় তার ভাইয়ের রক্তাক্ত লাশ পাওয়া যায়।