দুই জেলায় তিন দিনে ১৯ বাড়িতে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের গজারিয়ায় গতকাল সোমবার দুটি বাড়িতে ডাকাতি হয়েছে৷ গত শনিবার গভীর রাতে জেলার শ্রীনগর উপজেলায় ১৪টি বাড়িতে ডাকাতি হয়।
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কোর্টকান্দি গ্রামে গত রোববার রাতে তিন বাড়িতে ডাকাতি হয়েছে৷ এসব ঘটনায় ডাকাতেরা ১১০ ভরি গয়নাসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল নিয়ে গেছে৷ ডাকাতদের হামলায় চারজন আহত হয়েছে৷ পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে৷
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল ভোর চারটার দিকে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের বাসিন্দা শওকত আলী ও রবিউল আউয়ালের বাড়িতে ডাকাতি হয়েছে৷ ৮-১০ জন ডাকাত তাঁদের ঘরের স্টিলের আলমারি ভেঙে চার লাখ টাকা নিয়ে যায়। এ ব্যাপারে শওকত আলী বাদী হয়ে গজারিয়া থানায় মামলা করেন।
এদিকে শ্রীনগর উপজেলার কুকুটিয়া, আটপাড়া ও হাসাড়া ইউনিয়নের ১৪টি বাড়িতে গত শনিবার গভীর রাতে ডাকাতি হয়৷ ডাকাতেরা ওই বাড়িগুলো থেকে ৫০ ভরি স্বর্ণালংকার, পাঁচ লক্ষাধিক টাকা, মুঠোফোনসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। শ্রীনগর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে গাড়ি নিয়ে টহল দেওয়ার সময় আটপাড়া এলাকায় ডাকাতেরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। পরদিন ভোরে পাটাভোগ এলাকা থেকে ডাকাতির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়। এঁরা হলেন গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার বেলায়েত শেখ, সাজেদুল ইসলাম ও লিয়ন শেখ। শ্রীনগর থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, ডাকাতির ঘটনায় একটি মামলা হয়েছে।
মানিকগঞ্জের হরিরামপুর থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাত একটার দিকে ২৫-৩০ জন ডাকাত আগ্নেয়াস্ত্র নিয়ে কোর্টকান্দি গ্রামের কোহিনুর রহমানের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২০ ভরি স্বর্ণালংকার, ২০ ভরি রুপার অলংকার, পাঁচটি মুঠোফোন ও ৩০ হাজার টাকা লুট করে। এরপর তারা পাশের মনিরুল ইসলামের বাড়িতেও হামলা চালায়। এ সময় বাড়ির লোকজন বাধা দিলে ডাকাতেরা ককটেলের বিস্ফোরণ ঘটায়। এতে গৃহকর্তা মনিরুল আহত হন৷ ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে মনিরুলের ছেলে রুহুল আমিন এবং ভাতিজা আবদুস সালামও আহত হন। ডাকাতেরা একই গ্রামের নাছির উদ্দিনের বাড়ি থেকে ২০ ভরি স্বর্ণালংকার, একটি ল্যাপটপ ও এক লাখ টাকা লুট করে। এ সময় গ্রামের লোকজন জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে। এক পর্যায়ে ডাকাতেরা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ককটেল বিস্ফোরণে আহত হন নূর হোসেন নামের এক গ্রামবাসী।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, খবর পেয়ে রাতেই অভিযান চালানো হয়েছে। এ ঘটনায় থানায় ডাকাতির মামলা হয়েছে এবং ডাকাত সন্দেহে আবুল কালাম নামের একজনকে আটক করা হয়েছে৷