দুই জেলায় দুই খুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কামরুলইসলাম (৪২) নামের ব্যবসায়ীকে হত্যা করে তাঁর মোটরসাইকেল ছিনতাই করে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত।গত শনিবার উপজেলার কাটাশকোলে এ ঘটনা ঘটে। কামরুল আরাজী ভবানীপুর গ্রামের মৃত কামরুজ্জামানের ছেলে।অপরদিকে বগুড়া শহরে শুক্রবার রাতে ছুরিকাঘাত করে এক শিশুকে হত্যা করা হয়েছে।কামরুলের ভাতিজা আবদুল হালিম জানান, শনিবার বিকেলে তাঁর চাচা কামরুল ইসলাম বনপাড়া বাজারে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রোববার ভোরে কে বা কারা কামরুল ইসলামের মুঠোফোনের নম্বর থেকে কাটাশকোল গোকুলসার বিলে তাঁর লাশ পড়ে রয়েছে বলে জানায়। পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে একটি জমিতে কামরুলের হাত-পা বাঁধা লাশ দেখতে পান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠায়। বগুড়া সদর থানা সূত্রে জানা গেছে, শুক্রবার রাত আটটায় পূর্ববিরোধের জের ধরে দুই-তিনজন সন্ত্রাসী ছুরি দিয়ে মামুন (১২) নামের এক শিশুর পেট ও বুকে আঘাত করে। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর সে মারা যায়। এ ঘটনায় থানায় তার বাবা মোজাম্মেল শনিবার হত্যা মামলা করেছেন।