দুই জেলায় দুই নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুটি জেলায় গতকাল মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী প্রাণ হারিয়েছেন। এ নিয়ে গত ২০৩ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত মানুষের সংখ্যা দাঁড়াল ১ হাজার ৯১৬। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিনিধিদের পাঠানো খবর:

ঝালকাঠির নলছিটি উপজেলার ডুবিল নামক স্থানে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় রেনু বেগম (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর মেয়ে সাদিয়া আক্তার (১৩) আহত হয়েছে। রেনু বেগম আমিরাবাদ গ্রামের আবদুল খালেক মাঝির স্ত্রী।

রেনু বেগম তাঁর মেয়ে সাদিয়া আক্তারকে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন। হঠাৎ একটি পিকআপ তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেনু বেগমকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জাবরকোল নামক স্থানে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হন। তাঁর নাম বিলকিস বেগম (৪২)। তিনি ডিএসবির কনস্টেবল নেওয়াজ শরীফের স্ত্রী ছিলেন।

বালিয়াকান্দিতে কর্মরত নেওয়াজ শরীফ দুপুরে স্ত্রী বিলকিসকে নিয়ে মোটরসাইকেলে করে সোনাপুর যাচ্ছিলেন। পথে জাবরকোল নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইজিবাইকের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে এই দম্পতি আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় বিলকিস মারা যান।