দুই জেলায় দুজন খুন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় গতকাল বৃহস্পতিবার মামার লাঠির আঘাতে ভাগনির মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার জিনোদপুর ইউনিয়নের বলিবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
এদিকে গত বুধবার সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় বাবার ধারালো কাতরার আঘাতে শাহজাহান মিয়া (২৫) নামের এক ব্যক্তি খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রতিনিধিদের পাঠানো খবর:
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): নিহত মমতাজ বেগম (২৫) বলিবাড়ী গ্রামের দুবাই-প্রবাসী মো. গিয়াস উদ্দিনের স্ত্রী। কুমিল্লার মুরাদনগর উপজেলার রোয়াচালা গ্রামের বাসিন্দা হানিফ মিয়া দুই দিন আগে তাঁর ভাগনি মমতাজের বাড়িতে বেড়াতে আসেন।
গতকাল সকালে পারিবারিক কলহের জের ধরে হানিফ মিয়া তাঁর ভাগনির মাথায় লাঠি দিয়ে আঘাত করেন। ঘটনাস্থলেই মমতাজ মারা যান। এলাকাবাসী হানিফকে আটক করে পুলিশে সোপর্দ করে।
নান্দাইল (ময়মনসিংহ): গতকাল ভোরে উপজেলার উত্তর হালিউড়া গ্রামের শ্বশুরবাড়ির গোয়ালঘরে গৃহবধূ স্বপ্না আক্তারের (২৬) লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। স্বপ্নাকে শ্বাসরোধে হত্যার পর লাশটি ঝুলিয়ে রাখা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। স্বপ্নার স্বামী বাবুল মিয়া পলাতক রয়েছেন।
ধরমপাশা (সুনামগঞ্জ): কুড়িকাহনিয়া গ্রামের শাহজাহানকে বুধবার সন্ধ্যায় মেশিনে ধান ভাঙিয়ে আনতে বলেন বাবা আবদুল কুদ্দুস। কথা-কাটাকাটি হলে শাহজাহানের বুকে আঘাত করেন বাবা।