দুই জেলায় দুজন খুন
মুন্সিগঞ্জ সদর উপজেলায় গত বৃহস্পতিবার রাতে টেলিভিশনে ক্রিকেট খেলা দেখার সময় বাগ্বিতণ্ডার জেরে ছুরিকাঘাতে এক তরুণ নিহত হয়। এদিকে গতকাল নারায়ণগঞ্জের রূপগঞ্জ একজনের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারে দয়ালবাজারে খুন হওয়া তরুণের নাম মো. মোস্তফা (১৭)। বৃহস্পতিবার রাতে সে অন্যদের সঙ্গে বাজারের একটি দোকানে টেলিভিশনে বিপিএল খেলা দেখছিল। একপর্যায়ে উত্তম চন্দ্র ঠাকুর নামের এক যুবকের সঙ্গে তার বাগ্বিতণ্ডা হয়। পরে উত্তম চাকু দিয়ে মোস্তফাকে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।
এদিকে রূপগঞ্জের তারাবো পৌরসভার গন্ধর্বপুর এলাকা থেকে গতকাল সকাল সাড়ে নয়টার দিকে সুমন মিয়া (২৯) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার এসআই মাহাবুবুল আলম বলেন, সুমনের বাড়ি গন্ধর্বপুর এলাকায়। তিনি বৃহস্পতিবার রাত আটটার দিকে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হন। গতকাল সকালে এলাকাবাসী তাঁর গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।