দুই জেলায় দুজন খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর তানোরে গত সোমবার বাড়ির জমি ভাগাভাগি নিয়ে ছোট দুই ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। একই দিন দিনাজপুর শহরে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন হয়েছেন।তানোর থানা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বসতভিটার ভাগাভাগি নিয়ে তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার সাদিপুর মহল্লার মৃত তৈমুর আলীর ছেলেদের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে বড় ভাই মোশাররফ ঘরের বাইরের দিকে আলাদা দরজা তৈরির জন্য দেয়াল কাটেন। এ সময় ছোট ভাই সুমন ও মামুন তাঁর ওপর শাবল নিয়ে হামলা চালান। গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর রাত দেড়টার দিকে মোশাররফ মারা যান। এ ঘটনায় গতকাল মঙ্গলবার মোশাররফের স্ত্রী শরিফা মামলা করেছেন। দিনাজপুরের কোতোয়ালি থানা ও এজাহার সূত্রে জানা গেছে, সোমবার রাত আটটার দিকে রফিকুল জেলা শহরের রাজবাড়ী ব্রাইট বয়েজ ক্লাবের সামনে অবস্থান করছিলেন। এ সময় ১০-১৫ জন সন্ত্রাসী তাঁকে কুপিয়ে হত্যা করে। মামলার বাদী নিহত রফিকুলের বাবা জহির উদ্দিন বলেন, পূর্বশত্রুতার জের ধরে তাঁর ছেলেকে খুন করা হয়েছে। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের জিলানী বলেন, পুলিশ সুমন নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে।