দুই জেলায় দুজন নিহত আহত ২৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরা ও গোপালগঞ্জে গতকাল বুধবার পৃথক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ২৩ জন আহত হয়েছেন।এর মধ্যে সাতক্ষীরায় যাত্রীবাহী বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকচালক আবদুল্লাহ মোড়ল (৩৫) নিহত ও ২০ জন আহত হন। আবদুল্লাহ মোড়ল সাতক্ষীরার তালা উপজেলার যুগিপুকুরিয়া গ্রামের লিয়াকত আলী মোড়লের ছেলে। গোপালগঞ্জে নসিমনের চাকা ফেটে চালক শিরু শেখ (২৫) নিহত ও অপর তিনজন আহত হন। নিহত নসিমনচালক ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কুয়েপাড়া বাজার এলাকার কাদের শেখের ছেলে।খুলনা থেকে সাতক্ষীরাগামী একটি যাত্রীবাহী বাস গতকাল সকাল ১০টার দিকে পাটকেলঘাটা বাইগানি মোড়ে নিয়ন্ত্রণ হারালে বিপরীতগামী একটি ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের চালক ঘটনাস্থলেই নিহত হন। বাসটি রাস্তার ডান পাশে উল্টে পড়লে এক মোটরসাইকেল চালকসহ কমপক্ষে ২০ জন যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করেন। এ সময় বাসের চালক ও হেলপার পালিয়ে যান।এদিকে মুকসুদপুর থেকে গোপালগঞ্জগামী পিঁয়াজবোঝাই একটি নসিমন চন্দ্রদিঘলীয়া নামক স্থানে পৌঁছালে ডান পাশের চাকা ফেটে যায়। এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিঁয়াজের বস্তা পড়ে নসিমনচালক গুরুতর আহত হন। তাঁকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করার পর সকাল সাড়ে নয়টার দিকে তিনি মারা যান। একই সড়কের পুরাতন মুকসুদপুর এলাকায় একটি যাত্রীবাহী বাসকে সাইড দিতে গিয়ে নসিমন উল্টে চালকসহ তিনজন আহত হন। তাঁদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।