দুই জেলায় দুজনের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় গতকাল শুক্রবার এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। একই দিন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় এক ভ্যানচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
ভূরুঙ্গামারী থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পাথরডুবি গ্রামের মজর আলীর ছেলে আবদুল মজনু ভোলা (২৬) গত বৃহস্পতিবার রাতে খয়বর মোড় বাজারে টিভি দেখার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজখুঁজি করেও পাননি। গতকাল সকালে সদর ইউনিয়নের খয়বর মোড়ের উত্তর পাশে ঝুকিয়ার বিলের ধানখেতের ড্রেনে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় ব্যক্তিরা। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, কে বা কারা তাঁকে খুন করে লাশ ওই স্থানে ফেলে যায়।
ভূরুঙ্গামারী থানার ওসি রওশন কবির বলেন, ‘এটা হত্যার ঘটনা কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। মজনুর লাশ ময়নাতদন্তের জন্য গতকাল দুপুরে কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাদুল্যাপুর থানা-পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার জামালপুর ইউনিয়নের হামিন্দপুর গ্রামের মফিজল হকের ছেলে মিজানুর রহমান (২০) গত বৃহস্পতিবার বিকেলে ব্যাটারিচালিত রিকশাভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। ওই দিন রাত ১০টা পর্যন্ত তিনি বাড়ি ফেরেননি। এরপর থেকে তাঁর মুঠোফোন বন্ধ ছিল। গতকাল সকাল আটটার দিকে স্থানীয় লোকজন একই ইউনিয়নের পাতিল্যাকুড়া গ্রামের পাতিল্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের একটি বাঁশবাগানে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁর লাশ উদ্ধার করে।
সাদুল্যাপুর থানার ওসি ফরহাদ ইমরুল কায়েস বলেন, মিজানুরের মাথা থেঁতলানো ও শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর বাঁ চোখ উপড়ে ফেলা হয়েছে।