দুই জেলায় নির্বাচনোত্তর সহিংসতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন-পরবর্তী সহিংসতায় গতকাল শুক্রবার ফরিদপুরের সালথা উপজেলায় ১১ জন আহত হয়েছেন। যশোরের চৌগাছায় নির্বাচনের দিন সংঘর্ষে আহত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মাগুরার শালিখা উপজেলায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
যশোর: চৌগাছা উপজেলার দেবীপুর গ্রামে নির্বাচনী সহিংসতায় আহত আওয়ামী লীগের কর্মী ফজলুর রহমানের (৫০) মৃত্যু হয়েছে। গত বৃহস্পতিবার নির্বাচনের দিন আওয়ামী লীগ ও বিএনপি-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আহত ফজলু চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। ফজলুর রহমান চৌগাছার হাকিমপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের কুবাদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে চৌগাছা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী এস এম হাবিবুর রহমানের লোকজন দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র দখল করে ভোট দেওয়ার চেষ্টা করে। বিএনপি-সমর্থিত প্রার্থী জহুরুল ইসলামের নেতৃত্বে তাদের বাধা দেওয়া হয়। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে প্রার্থী জহুরুল ইসলামসহ তিনজন আহত হন। গুরুতর আহত অবস্থায় জহুরুলকে চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং আওয়ামী লীগের কর্মী ফজলু ও জুয়েলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার ভোরে সেখানে ফজলুর রহমানের মৃত্যু হয়।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান বলেন, নির্বাচনী সহিংসতায় ফজলুর মৃত্যু হয়েছে। অপরাধীদের আটকের চেষ্টা চলানো হচ্ছে।
ফরিদপুর: গত বৃহস্পতিবার অনুষ্ঠিত সালথা উপজেলা পরিষদ নির্বাচনে পরাজিত প্রার্থী আওয়ামী লীগ-সমর্থিত দেলোয়ার হোসেন ও বিজয়ী প্রার্থী বিএনপি-সমর্থিত মো. ওহিদুজ্জামান উভয়ের বাড়িই ভাওয়াল ইউনিয়নের ইউসুফদিয়া গ্রামে। ওহিদুজ্জামানের বাড়ি যেতে হলে দেলোয়ার হোসেনের বাড়ির পাশ দিয়ে যেতে হয়।
শুক্রবার সকাল সাতটার দিকে ওহিদুজ্জামানের সমর্থক ইউসুফদিয়া গ্রামের জয়নুদ্দিন মোল্লার ছেলে শাহীন মোল্লা (৩৫) দেলোয়ার হোসেনের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় দেলোয়ারের সমর্থকেরা তাঁকে মারধর করে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কয়েক শ সমর্থক ঢাল, সড়কি, বল্লম, লাঠিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
একপর্যায়ে সংঘর্ষ ইউসুফদিয়াসহ পাশের তুঘলদিয়া গ্রামেও ছড়িয়ে পড়ে। তিন ঘণ্টা স্থায়ী এ সংঘর্ষ চলাকালে ওহিদুজ্জামানের পক্ষে ১০ জন এবং দেলোয়ার হোসেনের এক সমর্থক আহত হয়। আহত ব্যক্তিদের পার্শ্ববর্তী নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে পুলিশ, র‌্যাব, বিজিবি ও সেনাসদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই মামলা করেনি।
মাগুরা: বৃহস্পতিবার রাতে মাগুরার শালিখা উপজেলার বামনখালী গ্রামে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়। সংঘর্ষের সময় সাবেক সাংসদ কাজী সালিমুল হকের বামনখালীর বাড়ি থেকে কয়েকটি গুলি ছোড়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শালিখা উপজেলা পরিষদ নির্বাচনে কাজী সালিমুল হক বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনিসুর রহমানের পক্ষ নেন। সালিমুল হকের বাড়ি শালিখার বামনখালী গ্রামে। বিএনপি-সমর্থিত প্রার্থী উপজেলা বিএনপির সভাপতি মোজাফফর হোসেনের পক্ষ নেন সালিমুল হকের প্রতিবেশী গঙ্গারামপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল হালিম। নির্বাচনে বিএনপি-সমর্থিত প্রার্থী মোজাফফর হোসেন বিজয়ী হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়লে রাত সাড়ে আটটার দিকে বামনখালী গ্রামে বিএনপির দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা ধরে দুই পক্ষের পাল্টাপাল্টি ধাওয়া ও হামলার ঘটনা ঘটে। এ সময় সালিমুল হকের বাড়ির ছাদ থেকে কয়েকটি গুলি ছোড়া হয়।
মাগুরা পুলিশ সুপার জিহাদুল কবীর ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সালিমুল হক কামাল ও হালিম চেয়ারম্যানের লোকজনের মধ্যে ওই সংঘর্ষে দু-তিনজন আহত হয়। সংঘর্ষের সময় কাজী কামাল তাঁর বাসভবনের ছাদ থেকে শটগানের কয়েকটি গুলি ছুড়েছেন।