সিরাজগঞ্জের শাহজাদপুর ও জয়পুরহাট সদর উপজেলায় গত দুদিনে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।সিরাজগঞ্জের হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জামান মিয়া জানান, গতকাল রোববার বেলা ১১টার দিকে দুই তরুণ মোটরসাইকেলযোগে উল্লাপাড়া থেকে শাহজাদপুর যাচ্ছিলেন। পথে নগরবাড়ী-বগুড়া মহাসড়কের দুর্গাদহ এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক উল্লাপাড়ার এরান্দহ গ্রামের আলম হোসেন (২০) নিহত ও অপরজন আহত হন। এ ঘটনায় মাইক্রোবাসটি আটক ও মামলা করা হয়েছে। একই দিন বিকেলে মহাসড়কের সরিসাকোলা এলাকায় গরুভর্তি একটি নছিমন উল্টে ছয় গরু ব্যবসায়ী আহত হন। তাঁরা সবাই শাহজাদপুরের কৈইজুরি এলাকার বাসিন্দা।নওগাঁর বদলগাছী উপজেলার মনোইল গ্রামের বাসিন্দারা জানান, গ্রামের পাঁচ বাসিন্দা শনিবার রাত সাড়ে নয়টার দিকে একটি ভটভটিতে করে পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় যাচ্ছিলেন। পথে জয়পুরহাট সদর উপজেলার বামনপাড়ায় বিপরীত দিক থেকে আসা একটি ট্র্যাক্টরের সঙ্গে ভটভটির সংঘর্ষে ইমরান হোসেন (৩৪) ও গ্রামের বাসিন্দা মফিজুল ইসলাম (৪০) নিহত হন। আহত চারজনকে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত ভটভটিচালক এবলুন হোসেনকে (৩৫) রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।