চুয়াডাঙ্গায় দুটি সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। গোপালগঞ্জে বাস খাদে পড়ে একজন নিহত ও ২৫ জন আহত হন। গত শনিবার এসব দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন আলমডাঙ্গা উপজেলার আসাননগর গ্রামের আহার আলী (৩৫) ও দর্শনার হরিজন পট্টির সুরেশ বাশফোড়ের মেয়ে পিয়াসা (৬) এবং কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রামের সোহরাব ইসলামের ছেলে আমিনুল ইসলাম (২৫)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুরে আলমডাঙ্গার আনন্দধাম এলাকায় পথচারী আহার আলীকে দ্রুতগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। তাঁকে গুরুতর আহত অবস্থায় কুষ্টিয়া ২৫০ শয্যার হাসপাতালে নেওয়ার পর বিকেলে তিনি মারা যান। একই ঘটনায় আহত মোটরসাইকেল চালক গোবিন্দপুর গ্রামের রাজীব আহমেদকে (১৮) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। একই দিন দুপুরে দামুড়হুদা উপজেলার দর্শনা বাসস্ট্যান্ডে মায়ের হাত ধরে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় পিয়াসা আহত হয়। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বিকেলে সে মারা যায়। শনিবার রাত সাড়ে সাতটার দিকে গোপালগঞ্জ থেকে কোটালীপাড়াগামী গনেশ পাগল পরিবহনের যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে আমিনুল ইসলাম নিহত ও অন্তত ২৫ যাত্রী আহত হন। ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে বাসটিতে আগুন ধরিয়ে দেন এবং ঘণ্টা খানেক সড়কটি বন্ধ থাকে। পরে গোপালগঞ্জ থেকে সার্ভিস কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের গোপালগঞ্জ ও কোটালীপাড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।