দুই জেলায় পাঁচ ওয়ার্ডে ভোট হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদ নির্বাচনে গতকাল বুধবার বগুড়ায় চেয়ারম্যান পদে কোনো কেন্দ্রেই ভোট হয়নি। এ ছাড়া বগুড়ার সাধারণ সদস্য পদে তিনটি ওয়ার্ড ও কুড়িগ্রামে দুটি ওয়ার্ডে ভোট হয়নি। সংশ্লিষ্ট এলাকার প্রার্থীদের রিট আবেদনের পরিপ্রেক্ষিতে উচ্চ আদালতের নির্দেশে ভোট স্থগিত করা হয়।
বগুড়ায় সদস্য পদে ৬ নম্বর ওয়ার্ড (নন্দীগ্রাম পৌরসভাসহ উপজেলা), ১২ নম্বর ওয়ার্ড (গাবতলী পৌরসভাসহ উপজেলা) এবং ১৪ নম্বর ওয়ার্ডে (দুপচাঁচিয়া, তালোড়া পৌরসভাসহ উপজেলা) গতকাল ভোট গ্রহণ করা হয়নি। নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে জেলা প্রশাসক সকালে ভোট স্থগিতের ঘোষণা দেন।
জানতে চাইলে জেলা প্রশাসক মো. আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট সংশ্লিষ্ট পদে ভোট গ্রহণ বন্ধ রাখার জন্য ইসিকে নির্দেশ দেন। ইসি গত মঙ্গলবার রাতেই ভোট গ্রহণ স্থগিতের সিদ্ধান্ত নেয়। তিনি গতকাল সকালে সংশ্লিষ্টদের এ-সংক্রান্ত নির্দেশ দেন।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, চেয়ারম্যান পদে ভোট গ্রহণ স্থগিত চেয়ে জাতীয় পার্টির (জেপি) সমর্থিত প্রার্থী ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ টি এম আমিনুল ইসলাম সরকারের রিট আবেদন হাইকোর্টে নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। ৫ জানুয়ারি শুনানির দিন ধার্য রয়েছে।
এদিকে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত চেয়ে হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন ৬ নম্বর ওয়ার্ডের প্রার্থী আনোয়ার হোসেন, ১২ নম্বর ওয়ার্ডের প্রার্থী ফজলুল বারী এবং ১৪ নম্বর ওয়ার্ডের প্রার্থী আমিনুর রহমান। ৫ জানুয়ারি এগুলোর শুনানির দিন ধার্য রয়েছে।
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় একটি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট স্থগিত করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও সদস্যদের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ৬ নম্বর ওয়ার্ডের ভোট স্থগিত করেন।
এ ছাড়া রৌমারী উপজেলার ১৪ নম্বর ওয়ার্ডের রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের শুধু সাধারণ সদস্য পদে ভোট স্থগিত করা হয়।
আগামী ৫ জানুয়ারি রিট আবেদনের শুনানি হবে।