দুই জেলায় পুলিশের ওপর হামলা, ওসিসহ আহত ৮

১৮ দলের ডাকা অবরোধ ও জামায়াতে ইসলামীর ডাকা সকাল-সন্ধ্যা হরতালে আজ বুধবার দেশের কয়েকটি জেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ, আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছেন ১৮-দলীয় জোট ও জামায়াত-শিবিরের কর্মীরা।
সংঘর্ষে নড়াইল জেলায় এক ওসিসহ আট পুলিশ সদস্য ও কয়েকজন অবরোধকারী আহত হন। খুলনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবিরের সাতজন গুলিবিদ্ধ হওয়াসহ ১২ জন নেতা-কর্মী আহত হন বলে দাবি করেছে সংগঠনটি।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নড়াইল: অবরোধকারীরা ডুমুরতলা মোড় অবরোধ করলে সকাল সাতটার দিকে পুলিশ বাধা দেয়। এ সময় অবরোধকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বেধে যায়। অবরোধকারীরা পুলিশের একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়ে পুলিশ। এতে সদর থানার ওসি (তদন্ত) মোক্তার হোসেনসহ পুলিশের আট সদস্য ও কয়েকজন অবরোধকারী আহত হন।
ওসির অবস্থা গুরুতর। তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন অবরোধ-সমর্থকও আহত হন।
নড়াইলের ভারপ্রাপ্ত পুলিশ সুপার এ বি এম নুরুজ্জামান এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খুলনা: নগরের সোনাডাঙ্গা এলাকার মহিলা ক্রীড়া কমপ্লেক্সের সামনে আজ শিবির ঝটিকা মিছিল বের করে ও গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধের চেষ্টা চালায়। এ সময় পুলিশ বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে তারা ককটেল ও ইটপাটকেল ছোড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও শটগানের গুলি ছোড়ে।
শিবিরের দাবি, এ ঘটনায় সংগঠনটির সাতজন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন। আহত হন ১২ জন। তাঁদের নাম-ঠিকানা তারা দিতে পারেনি। তাঁরা কোথায় চিকিত্সা নিচ্ছেন, তাও জানায়নি।
এ ব্যাপারে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের হোসেন জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০২টি গুলি ও কাঁদানে গ্যাসের তিনটি শেল ছোড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
বাগেরহাট: সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল দিবাগত রাত আড়াইটার দিকে শ্রীঘাট বাজার এলাকায় ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগিয়ে দেওয়া হয়। আগুন দ্রুত দুই পাশের কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। টের পেয়ে দোকান ব্যবসায়ী, স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান ফায়ার সার্ভিসের সদস্যরা। ভোর সাড়ে চারটার দিকে আগুন নিভে যায়। আগুনে দোকানগুলো পুরোপুরি পুড়ে গেছে। আগুন দেওয়ার ঘটনায় ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।
ষাটগম্বুজ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সরদার ইলিয়াসের দাবি, বিএনপি ও জামায়াত-শিবিরের সমর্থকেরা পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটিয়েছেন।
ঘটনার সত্যতা নিশ্চিত বরে বাগেরহাটের পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা প্রথম আলো ডটকমকে বলেন, নাশকতাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিরাজগঞ্জ: গতকাল রাত পৌনে ১২টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় সড়ক অবরোধ করেন। এ সময় তাঁরা ১০টি গাড়ি ভাঙচুর করেন। অবরোধকারীরা ভৈরব থেকে গাইবান্ধাগামী পণ্যবাহী তিনটি ট্রাকে আগুন দেন। পরে পুলিশ আগুন নেভায়।
আজ ভোররাতে সদর উপজেলার সিরাজগঞ্জ পলিটেকনিকসংলগ্ন ফকিরতলা বেইলি ব্রিজের তিনটি পাটাতন ও বহুলি হাজিবাড়ি বেইলি ব্রিজের চারটি পাটাতনও খুলে ফেলে অবরোধকারী। এ ঘটনায় এ দুটি সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।
কাদের মোল্লার ফাঁসির সাজা কার্যকরের ঘোষণার প্রতিবাদে গতকাল রাত ১০টার দিকে সিরাজগঞ্জ-নলকা আঞ্চলিক সড়কের চণ্ডীদাসগাতি বাজারে অবস্থান নেন জামায়াত-শিবিরের কর্মীরা। এ সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ বাধে।
লাকসাম (কুমিল্লা): সকাল সাড়ে আটটার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা মনোহরগঞ্জের নাথেরপেটুয়া স্টেশনবাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। ওই সময় তাঁরা তিনটি অটোরিকশা ভাঙচুর করেন ও সাত-আটটি ককটেলের বিস্ফোরণ ঘটান। আবদুল কাদের মোল্লার মৃত্যু দণ্ডাদেশ প্রত্যাহারের দাবিতে ভোর সাড়ে ছয়টার দিকে জামায়াত-শিবিরের কর্মীরা লাকসাম পৌর শহরের দক্ষিণ বাইপাস এলাকায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে মিছিল করেন। সকাল সাড়ে সাতটায় তাঁরা সেখানে সমাবেশ করেন। এ সময় বিএনপির নেতারা ওই সমাবেশে গিয়ে বক্তব্য দেন।
কুষ্টিয়ায় জামায়াতের হামলায় তিন পুলিশ সদস্য আহত
শহরের কোর্টপাড়া কেনি সড়কের একটি বাসায় মহিলা জামায়াতের কর্মীরা গোপন বৈঠক করছেন—এমন খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালায়।
এ সময় কয়েকজনকে আটক করে গাড়িতে তোলার সময় এলাকাবাসী ও জামায়াতের কর্মী-সমর্থকেরা হামলা চালিয়ে তাঁদের ছিনিয়ে নেন। তাঁরা পুলিশের ওপর হামলা চালিয়ে ওসির গাড়ি ভাঙচুর করে মডেল থানার উপপরিদর্শক (এসআই) তোফাজ্জল ইসলামসহ তিন পুলিশ সদস্যকে ইটপাটকেল ছুড়ে আহত করেন। আহত পুলিশ সদস্যদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ধ্যা সাতটার দিকে বিপুলসংখ্যক পুলিশ ওই বাড়িতে ব্যাপক তল্লাশি চালিয়ে জিহাদি বই উদ্ধার করে। তবে কাউকে আটক করতে পারেনি।
রাত পৌনে ১১টার দিকে শহরের সাদ্দাম মোড়ে সদর উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। ফায়ার সার্ভিসের গাড়ি পৌঁছানোর আগেই কার্যালয়টি পুড়ে হয়ে যায়।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশের গাড়ি ভাঙচুর ও হামলার ঘটনায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১৫০-২০০ জনকে আসামি করে মামলা হয়েছে।