দুই জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বীরগঞ্জ থানা ও সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। আজ রোববার বিকেলে এ দুটি দুর্ঘটনা ঘটেছে। 

বীরগঞ্জে মেশিনচালতি গাড়ি (নছিমন) ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন এবং কামারখন্দ উপজেলার বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাস আহমেদ জানান, বীরগঞ্জে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী চাচা-ভাতিজার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তিরা হলেন উপজেলার সুজালপুর ইউনিয়নের চাকাই গ্রামের বাসিন্দা জামাল উদ্দিনের ছেলে আবুল কাসেম (২৮) ও তাঁর বড় ভাই একরামুল হকের ছেলে মো. ফিরোজ রানা (২২)। আবুল কাসেম মোটরসাইকেলে করে রানাকে নিয়ে যাচ্ছিলেন। ঢাকা-পঞ্চগড় মহাসড়কে বিপরীত দিক থেকে আসা একটি নছিমনের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে চাচা-ভাতিজা ঘটনাস্থলেই মারা যান।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ জানান, সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল উড়ালসেতু এলাকায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন আরোহী নিয়ে মোটরসাইকেলটি কড্ডা থেকে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। তাঁরা বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ঝাঐল ওভারব্রিজের কাছে পৌঁছালে একই দিক থেকে আসা একটি বাস তাঁদের চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী দুজন মারা যান।