দুই জেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
ঠাকুরগাঁওয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের চূড়ান্ত খেলা গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয় বড় মাঠে ওই খেলায় বঙ্গবন্ধু গোল্ড কাপে বালিয়াডাঙ্গী ও বঙ্গমাতা গোল্ডকাপে সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে।
এদিকে নীলফামারীতে গতকাল শুরু হয়েছে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট।
ঠাকুরগাঁও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু হারেছ বলেন, বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট (বালক) ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট (বালিকা) গত ২৩ নভেম্বর শুরু হয়। উভয় টুর্নামেন্টে পাঁচটি উপজেলা অংশ নেয়। বঙ্গবন্ধু গোল্ড কাপের চূড়ান্ত খেলায় বালিয়াডাঙ্গী উপজেলা টাইব্রেকারে পীরগঞ্জকে ও বঙ্গমাতা গোল্ড কাপে সদর উপজেলা টাইব্রেকারে রানীশংকৈলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
সমাপনী অনুষ্ঠানে সাংসদ রমেশ চন্দ্র সেন, পুলিশ সুপার ফারহাত আহমেদ, জেলা পরিষদের প্রশাসক মুহা. সাদেক কুরাইশী প্রমুখ বক্তব্য দেন।
এ ছাড়া নীলফামারীতে জেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে গতকাল সকালে নীলফামারী সরকারি উচ্চবিদ্যালয় মাঠে খেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বণিকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বক্তব্য দেন সিভিল সার্জন আবদুর রশীদ, অতিরিক্ত পুলিশ সুপার আবু মারুফ হোসেন, অতিরিক্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় বালক দলের ডোমারের চিলাহাটী এম ই সরকারি প্রাথমিক বিদ্যালয় ৪-২ গোলে ডিমলার পশ্চিম ছাতনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। বালিকা দলের খেলায় সৈয়দপুরের আফতাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় দল ২-০ গোলে ডিমলা সরকারি প্রাথমিক বিদ্যালয় দলকে পরাজিত করে। খেলায় ছয় উপজেলার বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। ২৮ অক্টোবর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।